
টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানার ধ্বংসস্তূপ থেকে গতকাল শনিবার আরও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হলো।
উদ্ধার অভিযানের সময় গতকাল বেলা আড়াইটার দিকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার। তবে পুরোপুরি পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি।
উদ্ধারকাজ অব্যাহত রেখেছে সেনাবাহিনী ও দমকল বাহিনী। গতকাল আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম প্রথম আলোকে বলেন, টঙ্গীর দুর্ঘটনার পরদিন থেকেই সেনাবাহিনীর ১৪ ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। গতকাল দুপুরে কারখানার প্রিন্টিং সেকশনের পশ্চিম পাশে উদ্ধারকাজ চলার সময় একজনের দেহাবশেষ উদ্ধার করা হয়।
গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উদ্ধার তৎপরতায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধসে যাওয়া ভবনের ইট, রডসহ অন্যান্য সরঞ্জাম অন্যত্র সরানো হচ্ছে। ভবনের ভেতরে থাকা রাসায়নিক বিস্ফোরণের আশঙ্কায় সতর্ক হয়ে কাজ করছে ফায়ার সার্ভিস। ধ্বংসস্তূপের নিচ থেকে এখনো হঠাৎ হঠাৎ ধোঁয়া বের হচ্ছে।
১০ সেপ্টেম্বর সকালে গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকার টাম্পাকো কারখানায় ভয়াবহ বিস্ফোরণে এ পর্যন্ত ৩৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ১১ জন। উদ্ধার করা মৃতদেহগুলোর মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার আবেদন করেছেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা।