ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা জমি আবারও বালুর নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ধসে রাঙামাটির মধ্যম সাপছড়ি গ্রামের সুরেশ কুমার চাকমার জমি পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। টানা এক মাস লড়াই করে পাথর, বালু, গাছের ভাঙা ডাল-পাতা সরিয়ে ৩০ শতক জমি উদ্ধার করেছিলেন তিনি। সপ্তাহখানেক আগে জমিতে আমন ধানের চারাও রোপণ করেন। কিন্তু গত শুক্রবার ও শনিবার রাতের ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলে তাঁর আমন খেত আবারও বালুর নিচে চাপা পড়েছে। চোখের সামনে সব চেষ্টা, পরিশ্রম বিফলে যেতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

শুধু সুরেশ চাকমা নন, মধ্যম সাপছড়ি গ্রামের অনেক কৃষককে ওই দুই দিনের বৃষ্টি নিঃস্ব করে দিয়ে গেছে। চোখের জল ফেলা ছাড়া এখন তাঁদের আর করার কিছুই নেই। গ্রামের বাদি ধন চাকমা, নীল চন্দ্র চাকমা, বৃন্দাবন চাকমা এবং গোপাল চন্দ্র চাকমাও পাহাড়ধসে চাপা পড়া জমি উদ্ধার করে আমনের চারা রোপন করেছিলেন। কেউ ৩০ শতক আর কেউবা ৬০ শতক জমিতে আমন লাগিয়েছিলেন। পাহাড়ি ঢলের সঙ্গে আসা বালুতে ঢেকে গেছে সবার খেত।

গত ১৩ জুনের পাহাড়ধসের রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের ৭০ শতাংশ কৃষি জমি বিধ্বস্ত হয়। ইউনিয়নের চেয়ারম্যান মৃণাল কান্তি চাকমা প্রথম আলোকে বলেন, কৃষকেরা কষ্ট করে কিছু জমি উদ্ধার করলেও নতুন করে পাহাড়ি ঢলের কারণে সব ফসল নষ্ট হয়েছে। এবার অন্তত ১২০ একর জমিতে বালু জমেছে বলে জানান তিনি।

মধ্যম সাপছড়ি গ্রামে ঢুকতেই দুই একরের মতো ধানি জমি। জমির দুই দিকে পাহাড়, একদিকে রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়ক, আরেক দিকে পাহাড়ি ঝিরি। পাহাড়ধসের পর গ্রামের কৃষকেরা নতুন করে আবাদ শুরু করেছিলেন। না করে উপায়ও ছিল না। কারণ তাঁদের একমাত্র আয়ের উৎস চাষাবাদ।

 সুরেশ কুমার চাকমা প্রথম আলোকে বলেন, ‘নিজের শ্রম বাদ দিয়ে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ করে ৩০ শতক জমি উদ্ধার করেছিলাম। আমার পরিবারে চার সদস্য। দুই সন্তান কলেজে পড়ছে। এখন সন্তানদের পড়ালেখা ও পরিবারের ভরণ-পোষণ কীভাবে করব বুঝতে পারছি না।’

বালুচাপা পড়েছে কালি চাকমা ও তাঁর স্ত্রী কালিন্দী রাণী চাকমার জমি। এই দম্পতি প্রথম আলোকে বলেন, বাড়িতে যা পুঁজি ছিল তা দিয়ে ৩০ শতকের কাছাকাছি জমি উদ্ধার করেছিলেন তাঁরা। এখন সব শেষ। এ বছর আর চাষের তেমন আশা নেই। কী করবেন বুঝতে পারছেন না।

শুধু সাপছড়ি নয়, বোধিপুর, শূকরছড়ি, খামারপাড়া, মোনতলা, বাকছড়ি, ডুলুছড়ি এলাকারও একই অবস্থা। এসব এলাকায়ও পাহাড়ি ঢলে আমন খেত নষ্ট হয়েছে।

সাপছড়ি ইউনিয়নের সাপছড়ি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হারুন রশিদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, পাহাড়ধসে বিধ্বস্ত হওয়ার পর জমি থেকে বালু সরিয়ে আবাদ করেছিলেন কৃষকেরা। কিন্তু ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে তাঁর ব্লকে ২০ একরের মতো আমনের জমি নষ্ট হয়ে গেছে।

সাপছড়ি ইউনিয়নের শূকরছড়ি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শান্তিময় চাকমা জানান, তাঁর ব্লকেও পাহাড়ি ঢলে ১২ একরের বেশি আমন খেত নষ্ট হয়েছে।

তবে নতুন করে আসা পাহাড়ি ঢলে ঠিক কতো একর আমন খেত নষ্ট হয়েছে তা এখনো নিরূপণ করা হয়নি বলে জানান রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষ্ণ প্রসাদ মল্লিক। তিনি বলেন, ক্ষয়ক্ষতির হিসাব বের করতে কাজ করছেন তাঁরা।