গাজীপুরের টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানার ধ্বংসস্তূপের মধ্য থেকে গতকাল বুধবার মানুষের কিছু হাড়গোড় পাওয়া গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, টাম্পাকো দুর্ঘটনায় সেনাবাহিনী ও দমকল বাহিনীর সদস্যরা এখনো ধ্বংসস্তূপ অপসারণ ও উদ্ধারকাজ করছেন। উদ্ধারকাজ চলাকালে গতকাল বেলা সোয়া দুইটার দিকে ওই দেহাবশেষগুলো উদ্ধার করা হয়েছে। সেগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে সর্বশেষ গত সোমবার ওই ধ্বংসস্তূপ থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। তাঁদের লাশেরও পরিচয় মেলেনি। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়ায় ৩৯। গতকাল পর্যন্ত অজ্ঞাত লাশের সংখ্যা ছিল ১১। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অজ্ঞাত ১০ জনের লাশ রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের লাশ শনাক্ত করতে ঢাকার মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত দলের (সিআইডি) ফরেনসিক ডিএনএ ল্যাবে পরীক্ষার জন্য লালা ও রক্ত দিয়েছেন স্বজনেরা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিখোঁজের তালিকায় থাকা ব্যক্তিদের শনাক্ত করতে মর্গে থাকা অজ্ঞাত ১০টি লাশ শনাক্ত করা প্রয়োজন। এ জন্য ডিএনএ টেস্ট করতে হবে। তা করতে অন্তত তিন মাস সময় লাগবে।
গত সোমবার পাওয়া তিন লাশের একটির সঙ্গে থাকা ইউসি ব্যাংকের ডেবিট কার্ড ও কাগজপত্র দেখে স্বজনদের দাবি, লাশটি কারখানার নিখোঁজ অপারেটর চুন্নু মোল্লার। তবে ডিএনএ টেস্টের পর তা নিশ্চিত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।