ধ্বংসস্তূপের নিচে কত দিন বেঁচে থাকা যায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণত যেকোনো বড় ধরনের ধস বা দুর্যোগের পাঁচ থেকে সাত দিন পরই জাতিসংঘ উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করে। ধারণা করা হয়, স্বাভাবিকভাবে মানুষ এক-দুই দিনের বেশি ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকতে পারে না। কিন্তু এর ব্যতিক্রমও রয়েছে।

২০১০ সালের ১২ জানুয়ারি হাইতিতে ভয়াবহ ভূমিকম্পের ১১ দিন পর আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান বন্ধ করা হয়। কিন্তু ২৭ দিন পর ইভানস মনসিয়াক নামের এক ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়।

১৯৯৫ সালের ২৯ জুন দক্ষিণ কোরিয়ার সিউলে পাঁচতলা সুপার মার্কেট ধসের ১৬ দিন পর পার্ক সিউং হিউন নামের ১৯ বছর বয়সী এক নারী ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হন।

১৯৯০ সালে ফিলিপাইনের লুজন অঞ্চলে ভূমিকম্পের পর একটি হোটেলের ধ্বংসস্তূপ থেকে ১৪ দিন পর জীবিত উদ্ধার হয়েছিলেন পেড্রিটো ডাই।

২০০৪ সালে ইরানের বাম শহরে ভূমিকম্পের নয় দিন পর শহরবানু মাজানদারানি নামের ৯০ বছরের এক নারী ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হন।

এর চেয়েও বড় বিস্ময় রয়েছে। ২০০৫ সালের ডিসেম্বরে ৪০ বছর বয়সী নকশা বিবিকে ধ্বংসস্তূপ থেকে ৬৩ দিন পর জীবিত উদ্ধার করা হয়েছিল। পাকিস্তান-অধ্যুষিত কাশ্মীর অঞ্চলে ঘটে এই বিস্ময়কর ঘটনা।

সর্বশেষ বিস্ময়কর ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার বাংলাদেশের সাভারে। রানা প্লাজা ধসের ১৭তম দিনে রেশমা নামের এক নারী ধ্বংসস্তূপ থেকে জীবিত হয়ে বিশ্বব্যাপী আলোচনায় এসেছেন।

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) সমন্বয়ক জুলি রায়ান বলেন, ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকা অনেকাংশে নির্ভর করে দুর্ঘটনার মুহূর্তে কী ঘটেছে, তার ওপর। বেঁচে থাকার জন্য আদর্শ অবস্থা হলো, আটকা পড়লেও যদি আঘাত না লাগে এবং অক্সিজেন ও পানির সরবরাহ থাকে।

জুলি রায়ান বলেন, আইআরসির একটি দল ২০০৫ সালে পাকিস্তানে ভূমিকম্পের পাঁচ দিন পর একটি স্কুলের ধ্বংসস্তূপ থেকে তিনজন ছাত্রকে উদ্ধার করে। তারা একজন আরেকজনের সঙ্গে পিঠ লাগিয়ে সোজা হয়ে শুয়ে ছিল। ছাদ ধসে নিচে নেমে এসে তাদের প্রায় নাক ছুঁই ছুঁই অবস্থা ছিল। কিন্তু আঘাত লাগেনি। পাশেই আরেকটি ছেলে মারা যায়। বিবিসি অবলম্বনে কুন্তলরায়।