ধ্বংসাত্মক রাজনীতি পরিহারে আ.লীগ-বিএনপির সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতিতে সংঘাত ও ধ্বংসাত্মক কার্যক্রম বর্জন, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি, টেন্ডারবাজি বর্জনসহ সিরাজগঞ্জের উন্নয়নে একমত পোষণ করে জেলা আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা ঐকমত্যে পৌঁছেছেন। গত রোববার রাতে সিরাজগঞ্জ সার্কিট হাউসে অনুষ্ঠিত এক যৌথ সভা থেকে এ তথ্য জানানো হয়। উভয় দল তাদের দলীয় নেতা-কর্মীদের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও ঘোষণা দিয়েছে। সভায় আগামী শুক্রবারের মধ্যে উভয় দলের পক্ষ থেকে যৌথ ইশতেহার ঘোষণার জন্য একটি কমিটি গঠন করা হয়।যৌথ সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান, সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এম গোলাম কিবরিয়া, বিমলকুমার দাস, সিরাজগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি সৈয়দ আবদুর রউফ, কেন্দ্রীয় আওয়ামী লীগের পরিবেশ ও বন সম্পাদক জান্নাত আরা তালুকদার, জেলা বিএনপির সভাপতি ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, সহ-সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। বৈঠকে সিরাজগঞ্জ জেলার রাজনীতির চলমান অবস্থাসহ উন্নয়নের সব বাধা বিপত্তি নিয়ে আলোচনা হয়। সভায় আওয়ামী লীগের পক্ষ থেকে বিমলকুমার দাস ও কাউছার আহমেদ এবং বিএনপির পক্ষ থেকে রেজাউল করিম তালুকদার ও সাইফুল ইসলাম—এই চারজনকে সদস্য করে যৌথ ইশতেহার তৈরির জন্য কমিটি গঠন করা হয়।সভায় উপস্থিত নেতারা জানান, গত জুলাইয়ে সিরাজগঞ্জ পৌরসভায় একটি দরপত্র নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনার জের ধরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হাবিবে মিল্লাতের বাসভবন ভাঙচুরের ঘটনা ঘটে। একই ঘটনা কেন্দ্র করে জেলা বিএনপির কার্যালয়সহ দোকানপাট ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের সাধারণ কর্মীসহ জ্যেষ্ঠ নেতারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন। উভয় দলের শীর্ষস্থানীয় নেতা-কর্মীদের নামে পাল্টাপাল্টি মামলা দেওয়া হয়। ভবিষ্যতে সিরাজগঞ্জে আর যেন এ ধরনের সহিংস ঘটনা না ঘটে, সে জন্য নেতারা একমত হন। সভায় উপস্থিত জেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘সিরাজগঞ্জের রাজনীতিতে সুষ্ঠু ধারা আনার ক্ষেত্রে এবং প্রতিহিংসার রাজনীতি বর্জনের জন্য আমরা একমত হয়েছি। দলের কিছু খারাপ নেতা-কর্মীর জন্য রাজনৈতিক পরিবেশ বিপন্ন হচ্ছে। একই সঙ্গে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। উভয় দলের পক্ষ থেকে সিরাজগঞ্জের উন্নয়নের স্বার্থে এসব খারাপ নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ সিরাজগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি সৈয়দ আবদুর রউফ জানান, যৌথ সভাটি সিরাজগঞ্জের জন্য একটি আশীর্বাদ। রাজনীতি করা হয় দেশের জন্য, জনগণের জন্য। কোনো হানাহানি, সংঘাতের জন্য নয়। সিরাজগঞ্জের উন্নয়নে সব দল এক হয়ে কাজ করবে—এ সিদ্ধান্ত সিরাজগঞ্জকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান বলেন, ‘আমরা সভা করেছি ব্যক্তিস্বার্থে নয়, জেলার মানুষ তথা দেশের স্বার্থে। রাজনীতির ব্যানারে মিটিং-মিছিলের নামে জেলায় কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড করা যাবে না—এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা জেলার উন্নয়নে বিশ্বাসী।’