ধ্বংসের চিহ্ন রেখে গেল 'মোরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় ‘মোরা’ লন্ডভন্ড করে দিয়েছে কক্সবাজারের টেকনাফের উত্তর জালিয়াপাড়ার ঘরটি (বাঁয়ে)। গাছের ঢালপালা পড়ে মহেশখালীর গোরকঘাটা-শাপলাপুর সড়ক বন্ধ হয়ে গেছে l ছবি: প্রথম আলো
ঘূর্ণিঝড় ‘মোরা’ লন্ডভন্ড করে দিয়েছে কক্সবাজারের টেকনাফের উত্তর জালিয়াপাড়ার ঘরটি (বাঁয়ে)। গাছের ঢালপালা পড়ে মহেশখালীর গোরকঘাটা-শাপলাপুর সড়ক বন্ধ হয়ে গেছে l ছবি: প্রথম আলো

ঘূর্ণিঝড় ‘মোরা’ অতিক্রম করে যাওয়ার আগে পার্বত্য চট্টগ্রাম এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি করে গেছে। এর মধ্যে গাছচাপা পড়ে রাঙামাটিতে দুজন ও বান্দরবানে একজন মারা গেছেন। দুটি জেলাতেই ঘরবাড়ি বিধ্বস্ত এবং সড়ক যোগাযোগব্যবস্থা, বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হওয়াসহ বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া নোয়াখালী ও ফেনীসহ অন্যান্য এলাকায়ও ঝড়ে কমবেশি ক্ষয়ক্ষতির খবর এসেছে।
ঘূর্ণিঝড় মোরা গতকাল মঙ্গলবার সকালে কক্সবাজার উপকূলে আঘাত হানে। সকাল সাতটার দিকে বান্দরবানে ও ১০টার দিকে রাঙামাটিতে এর প্রভাব তীব্রতর হয়। পরে এ ঝড় পার্বত্যাঞ্চল থেকে বিদায় নিলেও রেখে গেছে ধ্বংসের চিহ্ন।
রাঙামাটিতে ঝড়ে গাছচাপায় মারা যাওয়া দুজন হলেন জেলা শহরের আসামবস্তি এলাকার হাজেরা বেগম (৪৫) ও ভেদভেদি এলাকার জাহিদা সুলতানা (১৪)।
এলাকাবাসী বলেন, গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে শহরের আসামবস্তি এলাকার বাড়িতে হাজেরা বেগম নিজের নাতি জুনায়েদকে (৫) নিয়ে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বাড়ি পাশের একটি নারকেলগাছ উপড়ে বাড়ির ওপরে পড়ে। এতে জুনায়েদসহ তিনি গুরুতর আহত হন। দুজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা হাজেরাকে মৃত ঘোষণা করেন। এদিকে দুপুর ১২টার দিকে শহরের ভেদভেদি এলাকায় বাড়ির পাশে হাঁটাহাঁটি করছিল কিশোরী জাহিদা সুলতানা। এ সময় তার মাথার ওপর একটি গাছের ডাল ভেঙে পড়ে। এতে গুরুতর আহত হয় সে। তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
হাসপাতালের সিভিল সার্জন শহীদ তালুকদার বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই দুজনের মৃত্যু হয়। আহত মো. জুনায়েদকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় মোরা সকাল ১০টার দিকে রাঙামাটি শহরসহ আশপাশের এলাকায় আঘাত হানে। ঝড়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, শিল্পকলা একাডেমি এলাকা ও কলেজ গেট এলাকায় রাঙামাটি-চট্টগ্রামে সড়কের ওপর ও বিভিন্ন এলাকায় বহু গাছ উপড়ে ও ডালপালা ভেঙে পড়ে। এতে প্রায় তিন ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট সোসাইটি কর্মীদের উদ্যোগে ভেঙে পড়া গাছগুলো সরিয়ে ফেলা হলে বেলা পৌনে একটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকায় দুটি, যুব উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্র এলাকায় তিনটি, টিটিসি (টিচার্স ট্রেনিং সেন্টার) এলাকা, রাজবাড়ী সড়ক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট এলাকাসহ বেশ কিছু এলাকা বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে গেছে। এতে বিদ্যুৎ-সংযোগ বন্ধ হয়ে যায়। শহরে পুরোপুরি বিদ্যুৎ সচল হতে কয়েক দিন লাগবে বলে বিদ্যুৎ বিভাগে কর্মকর্তারা জানান।
রাঙামাটি জেলা পিডিবির নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার বলেন, ‘আমরা ইতিমধ্যে বিভিন্ন এলাকায় সংযোগ চালু করার জন্য চেষ্টা করছি। আশা করছি আজ (গতকাল) কিছু এলাকায় সংযোগ দেওয়া যাবে। তবে রাঙামাটি শহরে পুরোপুরি সংযোগ স্থাপন করতে দু-এক দিন সময় লাগতে পারে।’
এ ছাড়া রাঙামাটি শহরসহ লংগদু, রাজস্তলী, কাপ্তাই, জুরাছড়ি, বাঘাইছড়ি, বরকল, কাউখালী, বিলাইছড়ি ও নানিয়ারচর উপজেলায় শত শত বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে।
রাঙামাটি জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান প্রথম আলোকে বলেন, রাঙামাটি শহরসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই মুহূর্তে ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হচ্ছে না।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, লামা ও আলীকদম উপজেলায় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে লামায় ঝড়ে গাছচাপায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খিন ওয়ান নু বলেন, উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের বৈদ্যভিটা এলাকায় ঘরের ওপর গাছ পড়ে মারাত্মক আহত হন ক্যচিংথোয়াই মারমা (৪৫)। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় তাঁকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। বিকেলে তিনি মারা যান। এ ছাড়া লামার সাতটি ইউনিয়নে কয়েক শ ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় পাঁচ হাজার ঘরবাড়ি। অধিকাংশ ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাচ্ছে না।
জেলা প্রশাসন সূত্র জানায়, সকাল সাতটার দিকে বান্দরবানে ঘূর্ণিঝড় মোরা আঘাত হানে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নাইক্ষ্যংছড়ি ও লামা উপজেলায়। বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ায় এবং গাছ পড়ে সঞ্চালন লাইন বিচ্ছিন্ন হওয়ায় গতকাল সকাল থেকে জেলায় কোথাও বিদ্যুৎ নেই। বিভিন্ন স্থানে গাছ পড়ে যাওয়ায় চকরিয়া-লামা-আলীকদম সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
জেলা ভারপ্রাপ্ত ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বলেন, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও বাইশারি এবং লামার লামা সদর ও ফাসিয়াখালি ইউনিয়নে ঘূর্ণিঝড়ের আঘাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘুমধুম ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, তাঁর ইউনিয়নের ৩ হাজার ২০০ পরিবারের মধ্যে ৫ শতাধিক পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। আরও প্রায় দুই হাজার পরিবারের ঘরবাড়ি কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘুমধুম ইউপি কার্যালয়ও বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ইউনিয়নের সব ফল-বাগান ও জমির ফসল ঝড়ে নষ্ট হয়েছে।
নাইক্ষ্যংছড়িতে মুঠোফোনের নেটওয়ার্ক কাজ না করায় সেখানকার জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে নাইক্ষ্যংছড়ি বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আনোয়ারুল আজিম বলেছেন, এ উপজেলায় ক্ষয়ক্ষতি ব্যাপক হয়েছে। বিজিবির ১৫টি সীমান্তচৌকিও কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আলীকদমের ইউএনও নাইরুজ্জামান উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর দিয়েছেন। এ ছাড়া বান্দরবান সদর, থানচি ও রুমায় কমবেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
নোয়াখালীর উপকূলীয় উপজেলাগুলোয় ঘূর্ণিঝড় মোরার আঘাতে তেমন ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল সকাল থেকে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বেলা ৩টা পর্যন্ত ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নোয়াখালীতে ঘূর্ণিঝড় মোরার আঘাত খুব একটা লাগেনি। হালকা ঝোড়ো হাওয়া বয়ে গেছে কিছু এলাকার ওপর দিয়ে। ঝড়ে কিছু কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হতে পারে। বিস্তারিত তথ্য পেতে কিছুটা সময় লাগবে।
এদিকে গতকাল বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপকূলীয় উপজেলা হাতিয়ার হরণি, চানন্দি ও সুবর্ণচর উপজেলার চরক্লার্ক, মোহাম্মদপুর ও চরবাটা ইউনিয়ন ঘুরে দেখা যায়, ঘূর্ণিঝড় আতঙ্কে মানুষজন খুব একটা ঘর থেকে বের হয়নি। হাতিয়ার চেয়ারম্যানঘাট, চতলারঘাট ও টাংকিরঘাট তেমন লোকসমাগম দেখা যায়নি।
চতলার ঘাটের ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, ১০ নম্বর মহা বিপৎসংকেত জারি থাকায় সোমবার বিকেল থেকে ঘাট অনেকটা জনশূন্য হয়ে পড়ে। ঝড়ের কারণে গত রোববার থেকে হাতিয়া-চেয়ারম্যানঘাট রুটে সি-ট্রাক এবং সোমবার থেকে সব ধরনের নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
এদিকে বেলা পৌনে একটায় হাতিয়ার চতলারঘাট ও টাংকিরঘাট এলাকায় কিছু জেলেকে ঘূর্ণিঝড়ের ১০ নম্বর মহা বিপৎসংকেত উপেক্ষা করে মেঘনায় মাছ ধরতে দেখা গেছে।
হাতিয়ার ইউএনও খন্দকার রেজাউল করিম প্রথম আলোকে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাছ না ধরতে জেলেদের বরাবরই সতর্ক করা হয়। তিনি ঘাটের পুলিশকে এ বিষয়ে তৎপর হতে বলবেন।
ঘূর্ণিঝড় মোরার প্রভাব কেটে যাওয়ায় ফেনীর সোনাগাজীর উপকূলীয় অঞ্চলের আশ্রয়কেন্দ্রে অবস্থানকারী লোকজন গতকাল দুপুর থেকে বাড়ি ফিরতে শুরু করেছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, প্রশাসনের পাশাপাশি যুব রেড ক্রিসেন্ট ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবকেরা ব্যাপক তৎপর ছিলেন। ফলে উপজেলার দক্ষিণ-পূর্ব চর চান্দিয়া, চর খোন্দকার, জেলেপাড়া, পূর্ব বড়ধলী, ধান গবেষণা, মদিনা বাজার, আদর্শ গ্রামসহ বেশ কয়েকটি এলাকার লোকজন নিকটস্থ আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়। গতকাল দুপুরে তারা বাড়ি ফিরতে শুরু করে।
জেলা প্রশাসক মনোজ কুমার রায় বলেন, ঘূর্ণিঝড় মোরার প্রভাবে সোনাগাজীর কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
{প্রতিবেদন তৈরি করতে সহায়তা করেছেন নোয়াখালী ও ফেনী অফিস এবং বান্দরবান ও বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি}