ধ্বংসের জন্য পাঠানো ইয়াবা গায়েব করল পুলিশ!
আদালতে ধ্বংসের জন্য পাঠানো ইয়াবা বড়ি থেকে ২৬৮টি গায়েব করে ফেলেছেন পুলিশের এক কর্মকর্তা। এ ঘটনায় ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও ফৌজদারি মামলা দায়েরের জন্য পুলিশের মহাপরিদর্শক ও পুলিশ কমিশনার বরাবরে আদেশ দিয়েছেন বিচারক।
ওই কর্মকর্তা হলেন আদালতের জিআর সেকশনের পাঁচলাইশ থানার জিআরও পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) টিটু নাথ। ঘটনার পরই টিটুকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ইয়াবা গায়েবের ঘটনায় আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানতে চাইলে চট্টগ্রাম আদালতের মহানগর হাকিম নুরে আলম ভুঞা প্রথম আলোকে বলেন, ‘জিআরও টিটু নাথের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিস্তারিত আদেশে উল্লেখ করেছি।’
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, নগরের চান্দগাঁও থানার এসআই আরিফ হোসেন ইয়াবা উদ্ধারের ঘটনায় এক হাজার ৯৯০টি ইয়াবা ধ্বংসের জন্য আদালতের জিআর সেকশনের মাধ্যমে মহানগর হাকিম আদালতে আবেদন করেন। ৩ অক্টোবর টিটু নাথের কাছে এক হাজার ৯৯০টি ইয়াবা বড়ি পাঠান ধ্বংসের জন্য। টিটু ইয়াবা ধ্বংসের জন্য ওই আবেদন নিয়ে মহানগর হাকিম নুরে আলম ভুঞার কাছে যান। আদালত আলামতগুলো ধ্বংসের জন্য অনুমতি দেন। পরে হাকিমের উপস্থিতিতে আদালত ভবনের নিচতলায় ইয়াবা ধ্বংসের জন্য জিআর টিটুসহ যান।
কিন্তু ধ্বংসের আগে বিচারক দেখতে পান, রেকর্ডে এক হাজার ৯৯০টি ইয়াবা উল্লেখ থাকলেও তার মধ্য থেকে ২৬৮টি কম রয়েছে। তাৎক্ষণিকভাবে জিআরও টিটুর কাছে কারণ ব্যাখ্যা চাইলে তিনি কোনো উত্তর দিতে পারেননি।
পরে ৬ অক্টোবর মহানগর হাকিম নুরে আলম ভুঞা আদালতে পাঠানো ধ্বংসের জন্য ইয়াবা থেকে ২৬৮টি ইয়াবা গায়েব করায় জিআরও টিটু নাথের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও ফৌজদারি মামলার জন্য আদেশ দেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের।
ঘটনার পরপরই টিটু নাথকে দায়িত্ব থেকে সরিয়ে সাঈদকে পাঁচলাইশের জিআরওর দায়িত্ব দেওয়া হয়েছে।
ইয়াবা গায়েব প্রসঙ্গে জানতে চাইলে টিটু নাথ প্রথম আলোকে বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। পত্রিকায় লেখালেখি করলে সমাজে মুখ দেখাতে পারব না।’ ইয়াবাগুলো বাইরে বিক্রি করে দেওয়া হয়েছে কি না জানতে চাইলে কোনো উত্তর দেননি তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার এসআই আরিফ হোসেন বলেন, ‘সেপ্টেম্বর মাসে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছিল। কিছু ইয়াবা আলামত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে এক হাজার ৯৯০টি ইয়াবা ধ্বংসের জন্য আদালতের অনুমতি চেয়ে পাঠানো হয়েছিল। পরে শুনেছি এর মধ্যে ২৬৮টি ইয়াবা কম রয়েছে। কীভাবে কমেছে, তা জানি না।’
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) এস এম নুরুল হুদার কাছে জানতে চাইলে তিনি জানান, টিটু নাথের বিরুদ্ধে এখনো কোনো আদেশ হাতে পৌঁছেনি। আদেশ পাওয়ার পর উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) ব্যবস্থা নেবেন। তিনি বর্তমানে ছুটিতে আছেন।
টিটুকে কেন দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়েছে প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, আপাতত অন্যজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অভিযোগ উঠেছে, ২৬৮টি ইয়াবা জিআরও টিটু চড়া দামে বাইরে বিক্রি করে দিয়েছেন। এ ঘটনা ধরা পড়ার পর তা ধামাচাপা দিতে পুলিশের ঊর্ধ্বতন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছেন। ঘটনার ১৪ দিন পেরিয়ে গেলেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।