ধ্বংসের পথে বড় কাটরা


মোগল আমলে ঢাকার রাজধানী হলে যে স্থাপনাটি সবার দৃষ্টি কাড়ে, তার অন্যতম বুড়িগঙ্গার তীরের বড় কাটরা। ব্রিটিশ লাইব্রেরির ওয়েবসাইটে ১৮৭০ সালের বড় কাটরার একটি ছবিও পাওয়া গেল। জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়ায় বলা হয়েছে, মধ্য এশিয়ার ক্যারাভান সরাই-এর ঐতিহ্য অনুসরণে নির্মিত হয়েছিল বড় কাটরা। মোগল রাজকীয় স্থাপত্য-রীতির সব বৈশিষ্ট্য এতে ছিল। বড় কাটরায় ফারসি ছন্দোবদ্ধ পঙ্ক্তিযুক্ত দুটি শিলালিপি আছে। সে অনুযায়ী ১৬৪৩-৪৪ সালে এটি নির্মিত। বড় কাটরা নির্মাণ করেছিলেন সুবাদার সুলতান মুহম্মদ সুজার প্রধান স্থপতি আবুল কাশিম। তবে অনিন্দ্যসুন্দর এই ভবনটিতে সুলতান সুজা না থেকে সরাইখানা হিসেবে ব্যবহারের জন্য আবুল কাশিমকে দান করেন। অনেক দেশি-বিদেশি পর্যটক তখন এর স্থাপত্যশৈলী দেখে মুগ্ধ হতেন। তাঁদের অনেকের লেখাতেই এই কাটরার কথা আছে। সুজা ঢাকায় এলে কাটরার উত্তর অংশে থাকতেন। নওয়াব শায়েস্তা খাঁ ও মীর জুমলা এখান থেকেই দেশ শাসন করতেন। ১৭৬৫ সালে নিমতলী প্রাসাদ নির্মাণের আগ পর্যন্ত এই কাটরাতেই দরবার চলত। ঐতিহাসিক এসব বর্ণনা পড়ে কেউ যদি এখন চকবাজারে বড় কাটরা দেখতে যান, তিনি যথেষ্ট হতাশ হবেন। মূল ফটকটি ছাড়া প্রায় পুরোটাই ধ্বংসের পথে। কাটরার বিশাল অংশজুড়ে এখন একটি মাদ্রাসা। ছাদে নতুন করে ঘরও তোলা হয়েছে। এ ছাড়া মালের আড়ত, ঝালাই কারখানাসহ নানা রকমের দোকানও রয়েছে সেখানে। তবে দোকানদার ও এলাকাবাসী বলছেন, তাঁরাও চান মোগল স্থাপত্যের এই নিদর্শন সংরক্ষণ করা হোক।
লেখা: শরিফুল হাসান, ছবি: সাহাদাত পারভেজ