ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করতে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাস্থানগড়ের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংসের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে ভূমিদস্যুতার অভিযোগে মামলা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি এ নির্দেশ দেওয়া হয়। গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ১০ ফেব্রুয়ারি আদালত প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ক্ষতি এড়াতে নির্দেশনা দিয়ে বগুড়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মাজার কমিটির সভাপতিকে ১৪ ফেব্রুয়ারি হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বগুড়ার জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খান, পুলিশ সুপার হুমায়ুন কবির ও মাজার কমিটির সভাপতি মমতাজ উদ্দিন গতকাল আদালতে হাজির হন। আদালত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বক্তব্য গ্রহণ করে তাঁদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। তবে মাজার কমিটির সভাপতিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি না দিয়ে আজ আবার হাজির হতে আদেশ দেন আদালত। শুনানিকালে আদালত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশে বলেন, এই স্থাপনা রক্ষায় কেন আপনাদের আদালতের নির্দেশের অপেক্ষায় থাকতে হলো? সরকারি সম্পত্তি রক্ষায় কেন দ্রুত পদক্ষেপ নেননি? মহাস্থানগড় ধ্বংসের পেছনে যত বড় ক্ষমতাধর ব্যক্তিই থাকুন না কেন, আইন অমান্য করলে সঙ্গে সঙ্গে তাঁদের গ্রেপ্তার করতে হবে। কোনো ধরনের ছাড় দেবেন না, যাতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংসের সুযোগ যেন কেউ না পান। আদালত আরও বলেন, ‘মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষা করার দায়িত্ব সবার। শুধু বিচারপতি হিসেবে নয়, এ দেশের একজন নাগরিক হিসেবে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংসে আমরা উদ্বিগ্ন।’ বেলা ১১টার দিকে শুনানির শুরুতে রিট আবেদনকারী পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাতের আঁধারে মহাস্থানগড়ে খনন করা হচ্ছে। আদালত রাষ্ট্রপক্ষের কাছে এ ব্যাপারে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন বলেন, হাইকোর্টের নির্দেশে ওখানে র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। মাজার কমিটির প্রশাসনিক কর্মকর্তা আবদুল জব্বর ও রানা মিয়াকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে। মনজিল মোরসেদ বলেন, মাজার কমিটির সমর্থন রয়েছে বলেই ওই দুজন আদালতের নির্দেশ উপেক্ষা করে এক হাজার ৩০০ বছর আগের ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করতে পারছেন। একপর্যায়ে মাজার কমিটির সভাপতির আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বলেন, সাধারণ জ্ঞান থাকলে কেউ স্থাপনা ধ্বংস করতে পারে না। এটা সৌন্দর্যমণ্ডিত স্থান। এ সময় আদালত বলেন, ‘মহাস্থানগড় থেকে যেসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন হারিয়ে যাচ্ছে, সেগুলো কি আর ফিরিয়ে আনা সম্ভব? গণমাধ্যম আছে বলেই আমরা এই স্থাপনা ধ্বংসের খবর জানতে পারছি।’ এরপর আদালত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বক্তব্য শুনতে চান। এ সময় জেলা প্রশাসকের উদ্দেশে আদালত বলেন, হাইকোর্টের আদেশ থাকার পরও স্থাপনা রক্ষায় কেন ব্যর্থ হচ্ছেন? জবাবে জেলা প্রশাসক বলেন, ‘উচ্চ আদালতের আদেশ পাওয়ার পর আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি।’ স্থাপনা ধ্বংসের সঙ্গে মাজার কমিটির সভাপতির সম্পৃক্ততা কতটুকু রয়েছে—আদালতের এমন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, মাজার কমিটির সভাপতি মসজিদ সম্প্রসারণের পদক্ষেপ নিয়ে সেখানে খোঁড়াখুঁড়ির উদ্যোগ নেন। তবে হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর তা বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থাপনা রক্ষায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পাঁচটি নির্দেশনাসহ চিঠি দেওয়া হয়েছে। এরপর আদালত পুলিশ সুপারের বক্তব্য শুনতে চাইলে তিনি বলেন, আদালতের নির্দেশ পাওয়ার পরপরই ওই ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। এ পর্যায়ে আদালত পুলিশ সুপারের উদ্দেশে বলেন, স্থাপনা ধ্বংসের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে নন-এফআইআর মামলা করে কেন নমনীয়তা দেখালেন? আদালত বলেন, এই স্থাপনা দখল ও ধ্বংসের পেছনে জব্বর ও রানা মিয়া তো কেউ নন, তাঁরা অছিলা মাত্র। তাঁদের পেছনে আরও ক্ষমতাধর লোক রয়েছেন। তাঁদের খুঁজে বের করতে হবে। জড়িতদের বিরুদ্ধে দণ্ডবিধির অধীনে সরকারি সম্পত্তি দখলের মামলা করুন।