নঈম নিজামসহ সাতজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজিটাল নিরাপত্তা আইন
প্রতীকী ছবি

মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামসহ সাতজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এম সারোয়ার হোসেন বাদী হয়ে আজ মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এই মামলা করেন।

ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন মামলাটি পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন। আগামী ১৫ মার্চের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ঠিক করেছেন আদালত।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আবদুস সালাম তালুকদার। মামলায় অপর যে ছয়জনকে আসামি করা হয়েছে তাঁরা হলেন বাংলাদেশ প্রতিদিনের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, অনলাইন পোর্টাল বাংলা ইনসাইডারের প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীর। এ ছাড়া ভাইরাল প্রতিদিন পেজের অ্যাডমিন, বর্ণনাকারী (কণ্ঠ), ভিডিও প্রস্তুতকারী ও টেকনিশিয়ানকে আসামি করা হয়।

মামলায় আরজিতে বাদীপক্ষ দাবি করেছে, সুপ্রিম কোর্টের আইনজীবী সরোয়ার হোসেনের নাম উল্লেখ করে গত বছরের ৭ ও ৮ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিনে মানহানিকর তথ্য প্রচার করা হয়। এ ছাড়া গত বছরের ৮ সেপ্টেম্বর অনলাইন পোর্টাল বাংলা ইনসাইডারে আইনজীবী সারোয়ারকে নিয়ে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগ আনা হয়েছে মামলায়।