নওগাঁ ও নেত্রকোনা জেলা কমিটি ভেঙে দিলেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নওগাঁ ও নেত্রকোনা জেলা কমিটি ভেঙে দিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল রোববার রাতে গুলশান কার্যালয়ে এ দুটি জেলার বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে বর্তমান কমিটি ভেঙে দেন তিনি।
খালেদা জিয়া এ দুই জেলায় আহ্বায়ক কমিটি গঠন করে দিয়েছেন। আহ্বায়ক কমিটিকে আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার দলের পঞ্চগড় ও সৈয়দপুর জেলা কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি করেন বিএনপির চেয়ারপারসন। বিএনপির ৭৫টি সাংগঠনিক জেলা কমিটি আছে। এর মধ্যে অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত কমিটিগুলোর সঙ্গে তিনি মতবিনিময় শুরু করেছেন।
নওগাঁ জেলা বিএনপির ভেঙে দেওয়া কমিটির সভাপতি শামসুজ্জোহা খান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, নওগাঁ ও নেত্রকোনা জেলার নেতাদের সঙ্গে দলীয় প্রধান মতবিনিময় করেছেন। সেখানেই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, মতবিনিময়ে জেলার সাংগঠনিক অবস্থা নিয়ে তাঁরা বক্তব্য দিয়েছেন। চেয়ারপারসনও করণীয় নিয়ে পরামর্শ দিয়েছেন। আন্দোলনে নামতে চেয়ারপারসন আরও সময় নেওয়ার কথা বলেছেন।
মতবিনিময়ে উপস্থিত বিএনপির একজন যুগ্ম মহাসচিব প্রথম আলোকে বলেন, শিগগিরই বিএনপি আন্দোলনে নামছে না। সবকিছু গুছিয়ে আরও সময় নিয়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। গতকালের মতবিনিময়ে কোনো কোনো নেতা দ্রুত কর্মসূচি ঘোষণার কথা বলেছেন। তবে বেশির ভাগ নেতাই বলেছেন সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামতে। ওই নেতাদের মত হলো, আন্দোলন কঠোর করতে না পারলে আবারও ব্যর্থ হওয়ার সম্ভাবনা থেকে যাবে।