নওগাঁ ও নড়াইলে তিন ব্যবসায়ীসহ নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় সবজিভর্তি ট্রাক উল্টে তিন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নড়াইলে ট্রাক-আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। দুই স্থানে আট ব্যবসায়ীসহ ২৩ জন আহত হয়েছেন।নওগাঁর মহাদেবপুর-পোরশা সড়কের পত্নীতলা উপজেলার মাটিন্দরে ভোর ছয়টার দিকে দ্রুতগামী ট্রাক (নং-চট্ট-মেট্রো-ট-০৫-৫৫৯৫) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরে উল্টে যায়। এ সময় নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হুজুর আলী (৩৮) ও দুলাল হোসেন (৪০) এবং নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে মাসুদ রানা (২৮) নামে তিন ব্যবসায়ীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও আটজন ব্যবসায়ী। আহতদের নওগাঁ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে মুক্তা বেগম (৩০) ও বসিরউদ্দিন নামে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও পত্নীতলা থানার উপপরিদর্শক আবদুল ওয়াহেদ জানান, হতাহত ব্যবসায়ীরা ভোর পাঁচটার দিকে নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া এলাকা থেকে সবজি নিয়ে পোরশা উপজেলার গাংগুরিয়া হাটে যাওয়ার পথে ওই দুর্ঘটনার শিকার হন।নড়াইল-খুলনা সড়কের তুলারামপুরে বেলা ১১টার দিকে একটি ট্রাকের (যশোর-ট-১১-০৮০২) সঙ্গে যাত্রীবাহী আলমসাধুর (অগভীর নলকূপের যন্ত্রচালিত যান) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভিম সিংহ (৭০), মহিতোষ বিশ্বাস (৫৬) ও স্বপন বিশ্বাস (৪৫) নামে তিনজন নিহত হন। আহত হন ১৫ জন। আহতদের মধ্যে ডালিম বিশ্বাস (২৫), জয়ানন্দ বিশ্বাস (৬৫), কুমারেশ সিকদার (৭০), সলোকা বিশ্বাসকে (৫৫), খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ইউনুস মুন্সি (৭০), বিপুল সেন (৫০) দীপংকর সিংহ (৪০), পলাশ সিংহ (৩৫), তপন বিশ্বাস (২৫) ও উত্তম মণ্ডলকে (২৫) নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও চিকিৎসাধীন দীপংকর সিংহ জানান, আহত সবার বাড়ি সদর উপজেলার বামনহাট গ্রামে। গ্রামের একটি মন্দিরের জমি রেজিস্ট্রির জন্য আলমসাধুতে করে তাঁরা নড়াইল সাব-রেজিস্ট্রি অফিসে যাচ্ছিলেন। পুলিশ ট্রাকটি আটক করেছে।