নওগাঁ ও বাগমারায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় ট্রাকের চাপায় শাজাহান আলী (৪৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার নওগাঁ বাইপাস সড়কের তালতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এদিকে রাজশাহীর বাগমারায় গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি বাসের চালকের সহকারী নিহত হয়েছেন। তাঁর নাম রেন্টু হোসেন (৩০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে শাজাহান আলী পৌরসভার বোয়ালিয়া গ্রাম থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। বাইপাস সড়কের তালতলী মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। শাজাহান আলী নওগাঁ পৌরসভার পার-নওগাঁ ভড়িয়াপাড়া গ্রামের ওমর আলীর ছেলে। নওগাঁ সদর থানার ওসি জাকিরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে রাজশাহীর বাগমারায় নিহত রেন্টু হোসেনের বাড়ি জেলার পবা উপজেলায় বলে জানা গেছে। বাগমারা থানা সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় যাত্রীবাহী একটি বাস উপজেলার ভবানীগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিল। বাসটি ভবানীগঞ্জ-কেশরহাট সড়কের উপজেলার দ্বীপনগর মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খায়। এতে বাসের দরজায় দাঁড়ানো চালকের সহকারী রেন্টু গুরুতর আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।