নওগাঁ শহরে গত মঙ্গলবার বাসের চাপায় চাচা ও ভাতিজা নিহত হয়েছে। কুষ্টিয়ার মিরপুরে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:নওগাঁ: নওগাঁ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার প্রধান সড়কে মঙ্গলবার রাতে বাসের চাপায় দুজন ট্রাকশ্রমিক নিহত হয়েছেন। সড়কে বন্ধ হয়ে যাওয়ায় ট্রাক ধাক্কা দিয়ে চালু করার সময় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হচ্ছেন মান্দা উপজেলার দোসতিনা গ্রামের বাসিন্দা চাচা সুপার (২৫) ও ভাতিজা আশিফ (১৭)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বাসটি তাঁরা আটক করেছেন। তবে চালক পলাতক রয়েছেন।কুষ্টিয়া: কুষ্টিয়া-পাবনা সড়কের মিরপুরের বহলবাড়িয়ার আখ সেন্টার এলাকায় গতকাল বুধবার খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে খুলনা থেকে ছেড়ে আসা ট্রাকের চালক যশোরের অভয়নগর উপজেলার আজিজুল মিয়া (৩৫) এবং ওই ট্রাকের অজ্ঞাতনামা একজন আরোহী নিহত হন। এ ঘটনায় আহত অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।