নওগাঁ গাঁজা সোসাইটির সম্পদ রক্ষার দাবি
নওগাঁ গাঁজা সোসাইটির সম্পদ রক্ষার দাবিতে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছে নওগাঁ গাঁজা উৎপাদনকারী সমবায় সমিতির অংশীদারদের স্বার্থরক্ষা কমিটি।
শহরের মুক্তির মোড় সমবায় ব্যাংক মার্কেট চত্বরে কমিটির আহ্বায়ক আবদুল কাদের সিদ্দিক লিখিত বক্তব্যে বলেন, ১৯১৭ সালে নওগাঁ গাঁজা সোসাইটি স্থাপন করে জেলা সদরের তিনটি সার্কেলে গাঁজা উৎপাদন ও বিক্রি করা শুরু হয়। এ সময় সোসাইটির সদস্য ছিল প্রায় সাত হাজার। ১৯৮২ সালে গাঁজা উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ করার পর এই সোসাইটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে এর বিশাল সম্পদ রক্ষায় ২০০৬ সালে অ্যাডহক কমিটি গঠন করে সোসাইটি পরিচালনা করা হচ্ছে। অ্যাডহক কমিটির মাধ্যমে চলছে লুটপাট।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এই অ্যাডহক কমিটি বাতিল করে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ একটি স্বচ্ছ কমিটি গঠন করা না হলে সমিতির সম্পদ রক্ষা করা সম্ভব হবে না। সংবাদ সম্মেলনে স্বার্থরক্ষা কমিটির উপদেষ্টা ময়নুল হক, সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।