নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নিয়ামতপুরে একটি ট্রাক উল্টে সেটির চালক আজগর আলী মিলন (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। এদিকে চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। তাঁর নাম সানোয়ার হোসেন (৬৫)। গতকাল মঙ্গলবার এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিয়ামতপুর উপজেলায় গতকাল সকাল সাড়ে নয়টার দিকে নিয়ামতপুর-বটতলী সড়কের হরিপুর ব্রিজের কাছে একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে ইটবোঝাই ট্রাক উল্টে ট্রাকচালক মিলন নিহত হন। তিনি মান্দা উপজেলার চককসব গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের হেলাল উদ্দীন ও মতিউর রহমান। তাঁরা দুজনই শ্রমিক। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের হরিপুর এলাকায় গতকাল বেলা সোয়া ১১টায় ট্রাকের ধাক্কায় সানোয়ার হোসেন মারা যান। তিনি একজন অবসরপ্রাপ্ত কারারক্ষী। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা-ফকিরপাড়ায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম বলেন, হরিপুর বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে সাইকেলে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই সানোয়ার হোসেন মারা যান। ট্রাকটি আটক করা হয়েছে। তবে সেটির চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের হয়েছে।