নওগাঁ জেলা লকডাউন
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে নওগাঁ জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করেছে প্রশাসন। জেলা প্রশাসক হারুন-অর-রশীদ বুধবার দুপুরে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে এই লকডাউন কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে অন্য জেলার কেউ নওগাঁয় কেউ প্রবেশ করতে পারবে না। নওগাঁ থেকেও কেউ বের হতে পারবে না। জেলায় প্রবেশের সব পথে যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবার যানবাহন ও ব্যক্তি এই সিদ্ধান্তের আওতামুক্ত।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, নওগাঁর ১১টি উপজেলায় এখন পর্যন্ত কোনো করোনার রোগী শনাক্ত হয়নি। কিন্তু সারা দেশে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। পার্শ্ববর্তী জেলা রাজশাহীতে করোনার রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া ঢাকা ও নারায়ণগঞ্জে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই দুই জেলা থেকে বিপুলসংখ্যক মানুষের নওগাঁয় প্রবেশের প্রবণতা দেখা দিয়েছে। প্রায় প্রতিদিনই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা মানুষজন পাওয়া যাচ্ছে। তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে সিভিল সার্জনের সুপারিশক্রমে এবং আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট সব সংস্থার মতামতের ভিত্তিতে নওগাঁ জেলাকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নওগাঁয় প্রবেশ ও বের হওয়ার সব ধরনের রাস্তাঘাট বা অন্য সব পথে কড়াকড়ি থাকবে হবে। এই নির্দেশনা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, কৃষিকাজে নিয়োজিত সেবা, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নওগাঁয় নতুন করে ২৩৬ জনকে হোম কোয়ারেন্টিন করা হয়েছে। তাঁরা সবাই ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে এসেছেন। নওগাঁয় বুধবার পর্যন্ত মোট ২ হাজার ৬২৭ জনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া করোনাভাইরাস শনাক্তের জন্য ১৮৫ জনের নমুনা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ১২৯ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। তাঁদের কারও শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি।