নওগাঁ থেকে অপহৃত শিশু ধুনটে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ জেলা সদর থেকে সাগর ওরফে আসিফ (৯) নামে অপহৃত এক শিশুকে বগুড়ার ধুনট থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় রাবেয়া (১৮) নামের এক নারী ও অপহরণকারী চক্রের সদস্য জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জাংগালিয়া ছুরিপাড়ার মেজবাউল ইসলামের ছেলে সুজন মিয়াকে (৩০) পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৯ সেপ্টেম্বর দুপুরের দিকে আটক সুজন ও রাবেয়া স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে নওগাঁ সদরে বালুডাঙ্গা গ্রামের পিন্টু মিয়ার বাসা ভাড়া নেন। পরে তাঁরা গত সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পিন্টু মিয়ার ছেলে এবং চকদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাগরকে নিজ বাড়ি থেকে অপহরণ করেন। এ ঘটনায় সাগরের বাবা বাদী হয়ে ওই রাতেই তাঁদের বিরুদ্ধে নওগাঁ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পুলিশ অভিযান চালাতে থাকে। একপর্যায়ে পুলিশ অপহরণকারীদের অবস্থান জানতে পারে। তাঁরা শিশুটিকে নিয়ে বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদী এলাকায় অবস্থান করছিলেন। পরে নওগাঁ ও ধুনট থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে গতকাল বিকেল চারটার দিকে যমুনা নদীর বানিয়াজান ঘাট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। এ সময় সুজন ও রাবেয়াকে আটক করা হয়।
ধুনট থানায় আটক থাকা অবস্থায় সুজন ও রাবেয়া জানান, তাঁরা শিশুটিকে নিয়ে ধুনটের যমুনা নদীর বানিয়াজান ঘাট হয়ে নৌকায় জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার দিকে যাচ্ছিলেন।
নওগাঁ জেলা সদর থানার এসআই সোহেল রানা বলেন, গ্রেপ্তার হওয়া সুজন ও রাবেয়া অপহরণকারী দলের সক্রিয় সদস্য। তাঁরা দুজন স্বামী-স্ত্রীর পরিচয়ে বাসা ভাড়া নিয়ে কৌশলে শিশুটিকে অপহরণ করেন।
ধুনট থানার এসআই খোকন কুমার কুণ্ড জানান, নওগাঁ থানা-পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে অপহৃত শিশু উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।