নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন গতকাল বুধবার থেকে ঢাকাসহ দূরপাল্লার বিভিন্ন পথে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে। বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা।
নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, মোটর শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কমিটির সিদ্ধান্ত মোতাবেক বগুড়া ও নওগাঁ শ্রমিক ইউনিয়নের দুটি গাড়ি শাহ ফতেহ আলীর ব্যানারে সাপাহার থেকে নিয়মিত ঢাকায় চলাচল করার কথা। কিন্তু গত মঙ্গলবার নওগাঁর গাড়িটি ঢাকার মহাখালীতে আটকে দেওয়া হয়। পরে চুক্তি লঙ্ঘন করে শাহ ফতেহ আলী কর্তৃপক্ষ নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়নের বাসটি ওই রুট থেকে বাদ দিয়ে কেবল তাঁদের নিজস্ব বাস চালানোর সিদ্ধান্ত নেয়। শাহ ফতেহ আলী পরিবহনের মালিক বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক।
নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম ফারুক জানান, ঈদের আগে চালু হওয়া সাপাহার-ঢাকা রুটে চলাচলের গাড়িটি হঠাৎ করে মঙ্গলবার শাহ ফতেহ আলী কর্তৃপক্ষ ঢাকার মহাখালীতে বন্ধ করে দেয়। এ ঘটনা নিয়ে নওগাঁ ও বগুড়া শ্রমিক ইউনিয়নের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ সমস্যার সমাধানের জন্য সব পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
গোলাম ফারুক বলেন, নওগাঁ থেকে ঢাকাগামী সব বাস পথে আটকে দিচ্ছে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন। এ ঘটনার প্রতিবাদে নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শ্রমিক ইউনিয়ন।
শাহ ফতেহ আলী পরিবহনের নওগাঁ শাখার মহাব্যবস্থাপক (জিএম) এস এম মতিউজ্জামান বলেন, কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশন এটার সমাধানের চেষ্টা করছে।
এদিকে গতকাল দুপুর থেকে বাস চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়ে যান নওগাঁ থেকে দূরপাল্লার পথে চলাচলকারী যাত্রীরা।