নওগাঁ থেকে বগুড়ামুখী সব যানবাহন চলাচল বন্ধ
ঢাকামুখী বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রতিবাদে আজ মঙ্গলবার থেকে নওগাঁ থেকে বগুড়া অভিমুখী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
আগামী ৭২ ঘণ্টার মধ্যে বগুড়া রুটে যানবাহন চলাচল স্বাভাবিক না হলে নওগাঁ থেকে সব রুটে সব ধরনের যানবাহন বন্ধ করে দেবে নওগাঁ পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
গতকাল সোমবার নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত সমাবেশে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ, ট্রাক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের পক্ষে মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক এ ঘোষণা দেন।
ওমর ফারুক বলেন, ‘দীর্ঘ এক মাসেও নওগাঁ ও বগুড়ার প্রশাসন, কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশন ও আঞ্চলিক মোটর শ্রমিক ইউনিয়ন রুটটি চলাচলের জন্য স্বাভাবিক না করায় আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছি। মঙ্গলবার (আজ) সকাল ছয়টা থেকে নওগাঁ থেকে বগুড়া অভিমুখী ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। আর আগামী ৭২ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান না হলে শুধু বগুড়া নয়, সব রুটে সব রকমের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে। নওগাঁ থেকে ঢাকায় চাল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। এরপরেও ব্যবস্থা না নিলে নওগাঁর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে গৃহবন্দী করে রাখা হবে।’
সমাবেশে বক্তারা বলেন, প্রশাসনের নির্লিপ্ততা ও বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের একগুঁয়েমির জন্য এক মাস ধরে বগুড়ার ওপর দিয়ে বাস চলাচল বন্ধ রয়েছে। অবিলম্বে বগুড়ার ওপর দিয়ে নওগাঁ থেকে ছেড়ে যাওয়া বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানান তাঁরা।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবিব, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডি এম লেনিন প্রমুখ।
নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, বগুড়া ও নওগাঁ শ্রমিক ইউনিয়নের দুটি গাড়ি ‘শাহ ফতেহ আলী’র ব্যানারে সাপাহার থেকে নিয়মিত ঢাকায় চলাচল করার কথা। কিন্তু নওগাঁর শ্রমিক ইউনিয়নের গাড়িটি ঢাকার মহাখালীতে আটকে দেয় শাহ ফতেহ আলী পরিবহন কর্তৃপক্ষ। এ নিয়ে দুই ইউনিয়নের দ্বন্দ্বের জেরে প্রায় এক মাস ধরে নওগাঁ-বগুড়া রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।