নওগাঁ থেকে মূল্যবান পাথর নিয়ে গেছে জয়পুরহাট বিজিবি
নওগাঁর ধামুরহাট উপজেলার ভারত সীমান্তবর্তী মাহিসন্তোষ গ্রামের বারদুয়ারী মসজিদ এলাকা থেকে প্রত্নতত্ত্ব বিভাগের বেশ কিছু মূল্যবান পাথর নিয়ে গেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জয়পুরহাট ব্যাটালিয়নের সদস্যরা। এ ব্যাপারে প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ থেকে স্বরাষ্ট্র ও সংস্কৃতি মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ছাড়া বিজিবির ওই ব্যাটালিয়নের অধিনায়ক বরাবর চিঠি দিয়ে পাথরগুলো ফেরত চাওয়া হয়েছে।গত মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বিজিবি ওই পাথরগুলো ফেরত দেয়নি বলে নিশ্চিত করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের পরিচালক বদরুল আলম। বদরুল আলম বলেন, পাথরগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সম্পত্তি। এদিকে বিজিবি দাবি করেছে, নিয়মতান্ত্রিকভাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের উদ্দেশ্যে পাথরগুলো নিয়ে যাওয়া হয়। এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই। রাজশাহী প্রত্নতত্ত্ব বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় সীমান্ত পাহারায় দায়িত্বপ্রাপ্ত বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের সদস্যরা সম্প্রতি মাহিসন্তোষ গ্রামের বারদুয়ারী মসজিদ প্রাঙ্গণসহ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন আকারের ২২টি মূল্যবান পাথর নিয়ে গেছেন। গত সোমবার দুপুরে আরও কয়েকটি পাথর নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ তাঁদের বাধা দেন। পরে বিষয়টি উপজেলা প্রশাসনসহ স্থানীয় সাংসদকে জানানো হয়। পরে নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকারসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে বিজিবির সদস্যরা পাথরগুলো রেখে চলে যেতে বাধ্য হন। এলাকাবাসী জানান, গত রোববার রাত ও পরের দিন সকালে দুই দফায় মোট ২১টি মূল্যবান পাথর তুলে নিয়ে যান বিজিবির সদস্যরা। এ কাজে নেতৃত্ব দেন জয়পুরহাট বিজিবির বস্তাবর ক্যাম্প কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম। এর আগে গত ১৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে জয়পুরহাটের ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসানের উপস্থিতিতে স্থানীয় দোসতিনা খাড়ি এলাকায় পড়ে থাকা পাথরের নির্মিত একটি পিলার তুলে নিয়ে যায় বিজিবি। জানতে চাইলে জয়পুরহাটের ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বলেন, সম্প্রতি জয়পুরহাট বিজিবির একটি টহলদল ওই এলাকা থেকে একটি কষ্টিপাথর উদ্ধার করে এবং ওই এলাকায় আরও মূল্যবান পাথর পড়ে রয়েছে বলে দাবি করে। বিষয়টি জানার পর তিনি ওই এলাকায় গিয়ে ঘটনার সত্যতা দেখতে পান। পরে তিনি বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান এবং পাথরগুলো চুরি হয়ে হওয়ার আশঙ্কায় প্রাচীন প্রত্নতত্ত্ব সম্পদগুলো তাঁর দপ্তরে নিয়ে আসেন। তিনি জানান, নিয়মতান্ত্রিকভাবে পাথরগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের উদ্দেশ্যেই সেগুলো নিয়ে আসা হয়েছে। এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই। এখনো হস্তান্তর করা হয়নি কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পাথরগুলো হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রত্নতত্ত্ব বিভাগের উপপরিচালক (প্রত্ন সংরক্ষণ) ও ঢাকা অঞ্চলের পরিচালক আবদুল খালেক বলেন, নওগাঁ জেলা প্রশাসকের মাধ্যমে জয়পুরহাটের বিজিবি সদস্যরা মূল্যবান সম্পদ নিয়ে গেছেন, এ খবর পেয়ে রাজশাহী বিভাগীয় পরিচালককে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।