নওগাঁ থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ
বগুড়া ও নওগাঁর পরিবহনমালিকদের দ্বন্দ্বের কারণে গতকাল সোমবার সকাল ছয়টা থেকে নওগাঁর সঙ্গে সারা দেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে।
নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম বলেন, সম্প্রতি বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শাহ ফতেহ আলী পরিবহনের মালিক আবদুল লতিফ মণ্ডল নওগাঁর সাপাহার থেকে ঢাকার মহাখালী পর্যন্ত শাহ ফতেহ আলী পরিবহনের দুটি বাস চলাচলের প্রস্তাব দিয়ে একটি চিঠি দেন। কিন্তু নওগাঁর সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতারা এ প্রস্তাবে রাজি হননি। এ কারণে দুই দিন ধরে আবদুল লতিফ ও তাঁর শ্রমিকেরা নওগাঁ থেকে বগুড়ার ওপর দিয়ে দূরপাল্লার বাস চলাচল করতে দেননি। এর প্রতিবাদে গতকাল সোমবার সকাল থেকে নওগাঁ সড়ক পরিবহনমালিক গ্রুপের নেতারা নওগাঁ থেকে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীসহ সারা দেশের সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।
শহিদুল ইসলাম আরও জানান, নওগাঁ থেকে ঢাকা ও চট্টগ্রামে যাওয়ার একমাত্র পথ হচ্ছে বগুড়া। আর এ কারণে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সব সময় নওগাঁর মালিক-শ্রমিকদের জিমিঞ্চ করে তাঁদের অন্যায্য দাবি আদায়ের চেষ্টা করে। এর আগে এ ধরনের ঘটনায় কয়েকবার বাস চলাচল বন্ধের ঘটনা ঘটেছে। এবারও তারা একই কায়দায় অন্যায্য দাবি বাস্তবায়নের চেষ্টা করছেন।
এ ব্যাপারে আবদুল লতিফ বলেন, নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সঙ্গে শুধু বগুড়া নয়, জয়পুরহাট ও রাজশাহী জেলার মালিকদেরও বিরোধ রয়েছে। তাঁরা নওগাঁর বাস সারা দেশে চালাবেন। কিন্তু তাঁদের জেলায় অন্য জেলার বাস চালাতে দেবেন না। তাই তাঁদের বাসও বন্ধ করে দেওয়া হয়েছে।