নওগাঁ-নাটোর সড়কের কাজ বন্ধ চার বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজ চার বছর ধরে বন্ধ রয়েছে। সড়কটি নির্মাণ শেষ না হওয়ায় নওগাঁর রানীনগর, আত্রাই, রাজশাহীর বাগমারা, নাটোরের নলডাঙ্গা এবং নাটোর সদর উপজেলার প্রায় পাঁচ লাখ মানুষ যোগাযোগে দুর্ভোগ পোহাচ্ছে।সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর নওগাঁর উপবিভাগীয় প্রকৌশলী মঞ্জুরুল করিম বলেন, যেহেতু সড়টির কিছু অংশ চলনবিল এলাকায় পড়েছে, এ জন্য এর স্থায়িত্বের বিষয়ে পরিকল্পনা কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী হাইড্রোলজি সমীক্ষা করে কাজ করার সিদ্ধান্ত হয়। সে আলোকে একাধিকবার দরপত্র আহ্বান করেও যোগাযোগ মন্ত্রণালয় স্বীকৃত বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের কাছ থেকে প্রয়োজনীয় সংখ্যক দরপত্র জমা না পড়ায় কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। এর পরও একটি সমীক্ষাকে অন্তর্ভুক্ত করে প্রকল্প তৈরি করে একনেকের অনুমোদনের জন্য প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।সওজ সূত্রে জানা গেছে, চারদলীয় জোট সরকারের সময় নওগাঁ-নাটোর ৪৮ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক নির্মাণের জন্য ২০০৫ সালে একনেকের একটি সভায় ৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়। ওই বছরের ২৮ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া নাটোরের নলডাঙ্গায় নির্মাণকাজ উদ্বোধন করেন। ২০০৭-০৮ সালের মধ্যে ৪৮ কিলোমিটার রাস্তায় মাটির কাজ এবং মহাসড়কের নওগাঁ অংশের ২৬ কিলোমিটারের মধ্যে আট কিলোমিটার সড়ক পাকা করার কাজ শেষ হয়। এর পর থেকে কাজ বন্ধ রয়েছে। বর্তমানে সড়কটি এলাকাবাসীর গো-চারণ ভূমিতে পরিণত হয়েছে। এলাকাবাসী জানান, সড়কটি নির্মিত হলে রাজধানীর সঙ্গে এ অঞ্চলের দূরত্ব কমে আসবে। এতে তাঁদের যাতায়াতে অর্থ ও সময়ের সাশ্রয় হবে। আত্রাই উপজেলার বাসিন্দা মুজাহিদ হোসেন বলেন, বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে সড়কটি নির্মাণ জরুরি।সওজ নাটোরের নির্বাহী প্রকৌশলী বাদেশ আলী জানান, সড়কটি নওগাঁ ও নাটোরে হলেও মূল দায়িত্বে আছে সওজের নওগাঁ কার্যালয়। এ কারণে প্রধান কার্যালয়ের বেশির ভাগ যোগাযোগ ওই কার্যালয়ের সঙ্গে হয়ে থাকে। আত্রাই উপজেলার ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, সড়কটি চালু হলে এলাকার ব্যাপক উন্নয়ন হবে এবং নওগাঁ-নাটোরের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার কমবে।কাজ না হওয়ার জন্য নওগাঁর আত্রাই-রানীনগর এলাকার আওয়ামী লীগদলীয় সাংসদ ইসরাফিল আলম আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করে বলেন, আর মাত্র ৪০-৪৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলে সড়কটির নির্মাণকাজ শেষ করা সম্ভব হবে। হাইড্রোলজি সমীক্ষার নামে বর্তমানে পরিকল্পনা কমিশনে সড়কটির অর্থ বরাদ্দের ফাইল আটকে আছে।