নওগাঁ-নেত্রকোণা কমিটি ভাঙলেন খালেদা জিয়া
নওগাঁ ও নেত্রকোণা জেলা কমিটি ভেঙে দিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রোববার রাতে গুলশান কার্যালয়ে এই দুটি জেলার বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে বর্তমান কমিটি ভেঙে দেন তিনি। তিনি দুই জেলাতেই আহ্বায়ক কমিটি গঠন করে দিয়েছেন। তাদের আগামী দুই মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার পঞ্চগড় ও সৈয়দপুর জেলা কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি করেন বিএনপি চেয়ারপারসন। বিএনপির ৭৫টি সাংগঠনিক জেলা কমিটি আছে। এর মধ্যে অভ্যন্তরিণ কোন্দলে জর্জরিত কমিটিগুলোর সঙ্গে খালেদা জিয়া মতবিনিময় শুরু করেছেন।
সদ্য বিদায়ী নওগাঁ জেলা বিএনপির সভাপতি শামসুজ্জোহা খান প্রথম আলোকে বলেছেন, আজ দুটি জেলার নেতাদের সঙ্গে দলীয় প্রধান মতবিনিময় করেছেন। সেখানেই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, মতবিনিময়ে জেলার সাংগঠনিক অবস্থা নিয়ে তারা বক্তব্য দিয়েছেন। চেয়ারপারসনও করণীয় নিয়ে পরাশর্ম দিয়েছেন। তিনি বলেন, আন্দোলনে নামতে চেয়ারপারসন আরও সময় নেওয়ার কথা বলেছেন।
বৈঠকে উপস্থিত বিএনপির একজন যুগ্ম মহাসচিব প্রথম আলোকে বলেন, শিগগিরই বিএনপি আন্দোলনে নামছে না। সব কিছু গুছিয়ে আরও সময় নিয়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। আজকের মতবিনিময়ে কোনো কোনো নেতা দু্রত কর্মসূচি ঘোষণার কথা বলেছেন। তবে বেশিরভাগ নেতাই বলেছেন সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামার জন্য। ওই নেতাদের মত হলো আন্দোলন কঠোর করতে না পারলে আবারও ব্যর্থ হওয়ার সম্ভাবনা থেকে যাবে।