নওগাঁ-বগুড়া মালিক-শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের অবসান
নওগাঁ ও বগুড়া মালিক-শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের অবসান হওয়ায় আজ বৃহস্পতিবার থেকে নওগাঁর সঙ্গে দূরপাল্লার যোগাযোগ স্বাভাবিক হচ্ছে। গতকাল বুধবার সচিবালয়ে নৌপরিবহনমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে নওগাঁ ও বগুড়া জেলার পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের এক বৈঠকে দুই ইউনিয়নের দ্বন্দ্বের অবসান ঘটে।
নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার থেকে বগুড়ার ওপর দিয়ে বাস চলাচল করতে আর কোনো সমস্যা নেই। তবে সাপাহার থেকে ঢাকায় শাহ ফতেহ আলীর ব্যানারে নওগাঁ ও বগুড়া শ্রমিক ইউনিয়নের গাড়ি দুটি চলবে কি না, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি আরও বলেন, মন্ত্রী হিসেবে নয়, শাজাহান খান সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে নওগাঁ-বগুড়া রুটে বাস চলাচল স্বাভাবিক করতে বগুড়া ও নওগাঁ জেলার পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়নের নেতাদের ডেকেছিলেন।
বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল লতিফ বলেন, নওগাঁ-বগুড়া রুটে অচলাবস্থার নিরসন হয়েছে। বৃহস্পতিবার থেকে স্বাভাবিকভাবে বগুড়া-নওগাঁ রুটে বাস চলবে। সাপাহার থেকে শাহ ফতেহ আলীর গাড়ি দুটি আপাতত চলবে না। তবে নওগাঁ থেকে শাহ ফতেহ আলী পরিবহনের গাড়ি আগের মতোই চলবে।
এর আগে নওগাঁ থেকে বগুড়া হয়ে যাত্রীবাহী সব বাস চলাচল স্বাভাবিক করার দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন নওগাঁর পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। অন্যথায় শুক্রবার থেকে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দেন তাঁরা।
বিভাগীয় আঞ্চলিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, শাহ ফতেহ আলী ব্যানারে নওগাঁর সাপাহার থেকে ঢাকায় নওগাঁ ও বগুড়া শ্রমিক ইউনিয়নের দুটি গাড়ি চলার কথা ছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী, গত জুন মাস থেকে সাপাহার থেকে গাড়ি দুটি চলছিল। কিন্তু গত ৪ আগস্ট ঢাকার মহাখালী বাসস্ট্যান্ডে নওগাঁ শ্রমিক ইউনিয়নের গাড়ি আটকে দিয়ে কেবল নিজেদের গাড়ি চালানোর সিদ্ধান্ত নেয় শাহ ফতেহ আলী কর্তৃপক্ষ। ওই ঘটনার জের ধরে নওগাঁ শ্রমিক ইউনিয়ন সাপাহারে শাহ ফতেহ আলীর একটি গাড়ি আটকে দেয়। পরদিন নওগাঁ থেকে বগুড়া হয়ে দূরপাল্লার বাস চলাচলে বাধা সৃষ্টি করে বগুড়া শ্রমিক ইউনিয়ন। দুই শ্রমিক ইউনিয়নের এই দ্বন্দ্বে প্রায় এক মাস ধরে নওগাঁ-বগুড়া রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।