নওগাঁ-বগুড়া মহাসড়কে বেপরোয়া চাঁদাবাজি
বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের কল্যাণের নামে আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকায় নওগা-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বেপরোয়া চাঁদাবাজি চলছে। বিভিন্ন ধরনের মোটরযান চালক সূত্রে জানা গেছে, সান্তাহার শহরের ঢাকা রোড, তিন মাথার মোড়, মালশনের মোড়, পোওতা রেলগেট এলাকাসহ কয়েকটি মোড়ে মোটর শ্রমিক ইউনিয়নের সাইনবোর্ড ঝুলিয়ে চেকপোস্ট বসিয়ে যানবাহন থেকে চাঁদা আদায় করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মাইক্রোচালক জানান, বগুড়া, সান্তাহার ও নওগাঁর প্রতিটি মোড়ে ১০ টাকা করে চাঁদা দিতে হয়। একাধিক ভটভটিচালক জানান, তাঁদেরও বিভিন্ন চেকপোস্টে সমপরিমাণ চাঁদা দিতে হয়। পিকআপ ভ্যানচালকেরা অভিযোগ করেন, লাঠি হাতে তাঁদের থামিয়ে জোর করে চাঁদার রসিদ ধরিয়ে দেওয়া হয়। চাঁদা না দিতে চাইলে মারধর ও গালাগাল করে। ঢাকা রুটে চলাচলকারী ঢাকা কোচের কয়েকজন চালক জানান, মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা নওগাঁ শহরে ঢোকা এবং বের হওয়ার সময় সান্তাহারে ১০ টাকা করে চাঁদা নেয়।গত রোববার সরেজমিনে দেখা গেছে, ঢাকা রোড ও তিন রাস্তার মোড়ে দুই-তিনজন করে শ্রমিক লাঠি হাতে বিভিন্ন যানবাহন থামিয়ে রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ ছাড়া বিভিন্ন স্থানে রাস্তার পাশে সাইনবোর্ড লাগিয়ে চেকপোস্ট বসানো হয়েছে।বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের একটি শাখা অফিস রয়েছে সান্তাহারের ঢাকা রোডে। এখান থেকে মহাসড়কের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা হয়। চাঁদা আদায়ের রসিদে এই শাখা অফিসের মজনু নামে এক ব্যক্তির স্বাক্ষর রয়েছে। চাঁদা আদায়ের সার্বিক দায়িত্বে থাকা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য মামুন বলেন, ‘স্থানীয় মোটর শ্রমিক নেতা মাসুদ চৌধুরী ও আবদুল মতিনের নির্দেশে আমরা চাঁদা আদায় করছি। আর মজনু এই রুট ইজারা নিয়েছেন। আমরা পাঁচ-সাতজন বিভিন্ন যানবাহন থেকে টাকা আদায় করে মজনুর কাছে জমা দিই। পরে এসব টাকা অফিসে জমা হয়। ভটভটি, মাইক্রোবাস, ঢাকা কোচসহ পিকআপ ভ্যান থেকে চাঁদা তোলা হয়। কখনো কখনো প্রাইভেট কার থেকেও চাঁদা নেওয়া হয়।’ এ বিষয়ে চাঁদা আদায়ের দায়িত্বে থাকা ইজারাদার মজনুর ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। সান্তাহার মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী বলেন, ‘চাঁদা আদায়ের জন্য বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের অনুমোদন রয়েছে। আদায় করা টাকা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের কল্যাণে খরচ করা হয়।’ সান্তাহার পুলিশ ফাঁড়ির টিএসআই মাহাবুবুল আলম বলেন, ‘এ ঘটনা শুধু সান্তাহারে নয়, বগুড়া জেলার সব এলাকায় মোটর শ্রমিক ইউনিয়নের নামে চাঁদা তোলা হয়। কেউ বাধা দিলে তারা পরিবহন ধর্মঘট ডেকে বসে।’ বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুদ্দিন শেখ হেলাল বলেন, ‘বাস ও সিএনজি (অটোরিকশা) ছাড়া অন্য কোনো যানবাহন থেকে চাঁদা তোলা হলে তা বেআইনিভাবে তোলা হচ্ছে। এ ব্যাপারে কারও বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’