নওগাঁ-বগুড়া সড়ক চার ঘণ্টা অবরোধ
নওগাঁ ও বগুড়ার মোটর মালিক ও শ্রমিকদের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের জের ধরে গতকাল রোববার সান্তাহারে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা চার ঘণ্টা নওগাঁ-বগুড়া সড়ক অবরোধ করে রাখেন।
সড়ক অবরোধের কারণে রাস্তার দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ অবরোধ চলে।
বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সান্তাহার শাখার সদস্যসচিব মাসুদ চৌধুরী বলেন, গত শনিবার রাতে নওগাঁ মোটর মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের শাহ ফতেহ আলী পরিবহনের ১১টি বাস নওগাঁয় আটকে রাখে। এ ঘটনা জানার পর বগুড়াতে মোটর শ্রমিক ইউনয়নের সদস্যরাও নওগাঁ জেলা মোটর মালিক গ্রুপের ১৪টি বাস আটকে রাখে।
এ ঘটনার কোনো সমাধান না হওয়ায় গতকাল রোববার সকাল ১০টার দিকে সান্তাহার শহরের বাইপাস সড়কে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সান্তাহার শাখার সদস্যরা বাস দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নওগাঁ-বগুড়া সড়ক অবরোধ করে রাখেন।
নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সান্তাহার শাখার সদস্যসচিব মাসুদ চৌধুরী বলেন, এ ঘটনা নিয়ে দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের উপস্থিতিতে তাঁর সভাকক্ষে উভয় জেলার নেতাদের মধ্যে বৈঠক হয়। বৈঠকে সমঝোতা হওয়ার পর বেলা দুইটার পর থেকে নওগাঁ-বগুড়া সড়কে যানবাহন চলাচল শুরু হয়।