নওগাঁ মাতালেন নগর বাউল জেমস
‘দুখিনী দুঃখ করো না’, ‘লেইস ফিতা লেইস’ ও ‘মিরাবাঈ’-এর মতো জনপ্রিয় গান গেয়ে ১০ থেকে ১২ হাজার দর্শক-শ্রোতার মন ভরিয়ে দিলেন নগর বাউল জেমস। গত শনিবার নওগাঁ শহরের এ-টিম মাঠে নওগাঁ জেলা ঠিকাদার কল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী।
শনিবার রাত আটটার দিকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমে গান পরিবেশন করেন লোকগান ও আধুনিক গানের শিল্পী শাহনাজ বেলী। এরপর মঞ্চে কৌতুক পরিবেশন করেন মিরাক্কেল তারকা নওগাঁর ছেলে তানভীর আহমেদ। পরে রাত সাড়ে নয়টার দিকে মঞ্চে ওঠেন জেমস। নওগাঁবাসীকে স্বাগত জানিয়ে ‘মা, দুখিনী দুঃখ করো না’, ‘কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিয়ো না’, ‘লেইস ফিতা লেইস’, ‘গুরু বানাইলা কি দিয়া’সহ প্রায় এক ডজন জনপ্রিয় গান পরিবেশন করেন তিনি। দর্শকেরা গানের তালে পুরো সময়টা নেচে-গেয়ে মুখর করে রাখেন এ-টিম মাঠ।