নওগাঁ-রাজশাহীর বাস চলাচল বন্ধ এক মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী রেলগেট এলাকা থেকে প্রতিদিন নওগাঁর উদ্দেশে বাস ছেড়ে যায়। এক মাস আগেও এখানে যাত্রীদের ‘নওগাঁ, নওগাঁ’ বলে ডাকা হতো। এখন যাত্রীদের ডাকা হচ্ছে ‘ফেরিঘাট, ফেরিঘাট’ বলে। এতে করে বিপাকে পড়েছেন যাত্রীরা। ফেরিঘাটে নেমে তাঁদের আরও প্রায় ৩০ কিলোমিটার পথ যাওয়ার জন্য আলাদা গাড়ি ধরতে হচ্ছে। যাঁদের সঙ্গে মালামাল থাকছে তাঁরা আরও বেশি বিড়ম্বনার শিকার হচ্ছেন।দুই জেলার সড়ক পরিবহন গ্রুপের দ্বন্দ্বের কারণে এক মাস ধরে রাজশাহীর বাস নওগাঁয় ঢুকতে পারছে না। আবার নওগাঁর বাসও রাজশাহীতে আসছে না। এ জন্য যাত্রীদের দুই জেলার সীমান্তে নওগাঁর সাবাইহাট ফেরিঘাট এলাকায় গিয়ে গাড়ি বদল করতে হচ্ছে।সোমবার সকালে নওগাঁ থেকে রাজশাহীতে আসা রাজশাহী কলেজের ভুগোল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সবুজ সরকার বলেন, ‘ভাই দুর্ভোগের আর শেষ নেই। আগে নওগাঁয় একটা গাড়িতে উঠে বসতাম রাজশাহী এসে নামতাম। এখন ফেরিঘাটে এসে নামতে হয়। তারপর আবার রাজশাহীর গাড়িতে উঠতে হয়। এতে সময় অপচয়ের সঙ্গে ঝামেলাও বেড়েছে। আবার পরের গাড়িতে ঠিকমতো জায়গাও পাওয়া যায় না। রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সুজিত কুমার বলেন, তিনি আসার সময় ফেরিঘাটে নেমে যে গাড়িতে উঠবেন, সেই গাড়িতে এসে দেখেন আসনের চেয়ে ওপার থেকে বেশি যাত্রীদের টিকিট দেওয়া হয়েছে। ফলে আমাদের বেশ কিছু যাত্রীকে রাজশাহী পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার রাস্তা দাঁড়িয়ে থেকে আসতে হয়েছে। এ জন্য বাস বদল করে টিকিট কাটতে গিয়ে হুড়োহুড়ি লেগে যাচ্ছে। এতে নারী যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। তাঁরা ভিড়ের মধ্যে টিকিট কাউন্টারের কাছে ঘেঁষতে পারছেন না।এ ব্যাপারে কথা বলার জন্য রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সভাপতি ও সাধারণ সম্পাদককে পাওয়া যায়নি। যুগ্ম সম্পাদক সাফকাত মঞ্জুর বলেন, নওগাঁ পরিবহন গ্রুপের আপত্তির কারণে তাঁরা বাধ্য হয়ে রাজশাহীর বাস নওগাঁয় পাঠাতে পারছেন না। এর আগে প্রতিদিন ২৪টি লোকাল গাড়ি নওগাঁর উদ্দেশে রাজশাহী ছেড়ে যেত, আবার নওগাঁ থেকে ২৪টি গাড়ি রাজশাহীতে আসত। এ ছাড়া দুটি গেটলক রাজশাহী থেকে যেত, আর দুটি নওগাঁ থেকে আসত। তাদের (নওগাঁ) আপত্তি হচ্ছে, নওগাঁর চারটি উপজেলা থেকে সরাসরি কয়েকটি বাস রাজশাহীতে চলাচল করায় তাদের লোকাল বাসগুলোর ক্ষতি হয়। তা ছাড়া তারা অযথাই রাজশাহীর গাড়িকে জরিমানা করত। তিনি জানান, মীমাংসা করার জন্য রাজশাহী বিভাগীয় কমিশনার ৫ জানুয়ারি দুই জেলার নেতাদের ডেকেছিলেন। তাঁদের ১১টার সময় আসার কথা ছিল, কিন্তু তাঁরা অনেক দেরিতে আসায় সমঝোতা হয়নি।নওগাঁ জেলা সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, রাজশাহীর সড়ক পরিবহন গ্রুপ তাদের কিছু সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে। তাঁরা নওগাঁ থেকে তানোর হয়ে একটি বাস রাজশাহীতে যাওয়ার জন্য ছেড়েছিলেন। রাজশাহী গ্রুপ সেটি বন্ধ করে দেয়। এ জন্য তাঁরাও উপজেলার বাসগুলো বন্ধ করে দিয়েছেন। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দেরিতে যাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, ১৫ জানুয়ারি নওগাঁয় বসার জন্য তাঁদের ডাকা হলেও তাঁরা আসেননি। বিশ্ব ইজতেমার পরে আসার কথা বলেছেন।