নওগাঁ সদরে অশান্তি, বাইরে শান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল পৌনে আটটা। নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের পানিশাইল এলাকা। বটতলী নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে রফিকুল ইসলাম নামের এক তরুণকে বেধড়ক মারধর করে কিছু দুর্বৃত্ত। মাথা ফেটে যায় তাঁর। জানা গেল, ওই তরুণ বলিহার ইউনিয়ন পরিষদ (ইউিপ) নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী সরদার মো. হাতেম আলীর নির্বাচনী এজেন্ট।
প্রাথমিক চিকিৎসার পর রফিকুলকে ভোটকেন্দ্রে নিয়ে আসা হলে তিনি সেখানে থাকতে চাইলেন না। জীবনের নিরাপত্তা নেই দাবি করে ফিরে গেলেন। তাঁর ওপর আক্রমণ প্রসঙ্গে ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল মোকসেদ হাসান বলেন, ‘কেন্দ্রের বাইরে বাজারের ভেতরে যা ঘটেছে, সেখানকার পরিস্থিতির ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই।’ হাতেম আলী বলেন, এমনিতে ভয়ে ওই কেন্দ্রে এজেন্ট হওয়ার জন্য কেউ রাজি হচ্ছিলেন না। রফিকুল রাজি হয়েছিলেন, তাঁর ওপর হামলা হয়।
বলিহার ইউনিয়নের নয়টি কেন্দ্রের মধ্যে পাঁচটিতে ঘুরে বিএনপি বা অন্য চেয়ারম্যান প্রার্থীদের কোনো এজেন্ট পাওয়া যায়নি। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশির ভাগ কেন্দ্রেই আওয়ামী লীগ প্রার্থীর এজেন্টরা নৌকায় ভোট দিতে বাধ্য করেছেন ভোটারদের। পয়না পরিবার পরিকল্পনা ক্লিনিক কেন্দ্রে বিএনপির এজেন্ট মোরশেদ আলীকে কেন্দ্রের বাইরে ডেকে নিয়ে মারধর করা হয়। এসব কেন্দ্রের কয়েকজন প্রিসাইডিং কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁদের ওপর নানামুখী চাপ রয়েছে। ভোট শেষ করে বাসায় যেতে পারলেই বাঁচেন। তাঁদের প্রশ্ন, শক্ত হাতে কিছু করতে গেলে যে পরিস্থিতি হবে, সেটা থেকে তাঁদের বাঁচাবে কে?
এ ধরনের পরিস্থিতি ছিল নওগাঁ সদর উপজেলার বেশ কয়েকটি ইউপিতে। গতকাল শনিবার ষষ্ঠ ও শেষ ধাপের ইউপি নির্বাচনে নওগাঁ সদর উপজেলায় ১২টি, মহাদেবপুরে ১০টি এবং বদলগাছির ৮টি ইউপিতে ভোট হয়। প্রথম আলোর পক্ষ থেকে ১৫টি ইউপির অন্তত ৫০টি কেন্দ্র ঘুরে দেখা হয়। সরেজমিনে ঘুরে মহাদেবপুরে তেমন কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা চোখে পড়েনি। প্রার্থীদের কাছ থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বদলগাছিতেও শান্তিপূর্ণ ভোট হয়েছে। সকাল ১০টায় বদলগাছির কোলা ইউপির ঝাড়ঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে একজন ভোটার তিনটি ব্যালটের মধ্যে একটি ব্যালট বাক্সে না ফেলে বাইরে নিয়ে আসার চেষ্টা করেন। এ নিয়ে ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ-বিএনপির সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মথুরাপুর ইউপির ভয়ালপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরকারি দলের কর্মীরা বিএনপির এজেন্টদের ভোটকেন্দ্রের ভেতরে ঢুকতে দেননি।
এদিকে সদর উপজেলার বিভিন্ন ইউপির কেন্দ্র ঘুরে নানা অনিয়ম চোখে পড়েছে। অভিযোগ এসেছে প্রার্থীদের কাছ থেকে। হাঁসাইগাড়ী ইউপির সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে নৌকা প্রতীকের সমর্থকেরা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল মহড়া করেন। ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেন। পরে প্রশাসনের কাছে এ বিষয়ে অভিযোগ করা হলে তাঁরা সরে যান। সেখানকার বিএনপির প্রার্থী জালাল হোসেন অভিযোগ করেন, দুটি কেন্দ্রে তিনি তাঁর কোনো এজেন্টকে পাননি। বর্ষাইল ইউপিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী অভিযোগ করেন, মখমলপুর কেন্দ্রে জাল ভোট দেওয়ার প্রতিবাদ করায় তাঁর এজেন্টকে বের করে দেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা।
জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর অবশ্য দাবি করেন, ভোট ভালো হয়েছে।