নওগাঁ সীমান্তে বিএসএফের গুলি ভারতীয় নিহত
নওগাঁর সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্ত এলাকায় গতকাল মঙ্গলবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফের) গুলিতে অজ্ঞাতপরিচয় (৩৭) এক ভারতীয় নিহত হয়েছেন। এ ছাড়া জিল্লুর রহমান নামের আরেক ভারতীয় গরু ব্যবসায়ী আহত হয়েছেন। তাঁদের বাড়ি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলায়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নওগাঁর ৪৬ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, জিল্লুর ও তাঁর সহযোগী চোরাই পথে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে আসছিলেন। ভোর পাঁচটার দিকে বামনপাড়া সীমান্তে ২৪৫ নম্বর পিলারের কাছে এলে বিএসএফ তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই জিল্লুরের সহযোগী নিহত হন। গুলিবিদ্ধ জিল্লুর বাংলাদেশের অভ্যন্তরে চলে আসেন। পরে আদাতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাঁকে আটক করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। সকালে আহত জিল্লুরকে ফেরত চেয়ে বিজিবির কাছে চিঠি পাঠায় বিএসএফ। সকাল সাড়ে ১০টার দিকে বামনপাড়া সীমান্ত এলাকার ২৪৫ নম্বর পিলারের কাছে বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে জিল্লুরকে বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়।