নওগাঁর ৪৬ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে করা মামলায় সাফাই সাক্ষী, জেরা ও যুক্তি-তর্ক উপস্থাপন গতকাল বুধবার শেষ হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি রায়ের তারিখ ধার্য করা হয়েছে। নওগাঁর ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২ গতকাল এ তারিখ ধার্য করেন। এদিকে রংপুরে বিডিআর বিদ্রোহের মামলায় গতকাল তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ১৯ জন সাক্ষীর মধ্যে এ নিয়ে গত তিন দিনে ১৫ জনের সাক্ষ্য নেওয়া হলো। অবশিষ্ট চারজনের সাক্ষ্যগ্রহণের প্রয়োজন হচ্ছে না বলে আদালত সূত্রে জানা গেছে। আদালত আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।বিশেষ আদালত-১২-এর সভাপতিত্ব করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল এহিয়া আজম খান। আদালতের কার্যক্রম শেষে সংবাদ ব্রিফিংয়ে জেলার পত্নীতলার ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ও মামলার কৌঁসুলি লে. কর্নেল আনোয়ার শফিক জানান, ২৫ ও ২৬ জানুয়ারি বিশেষ আদালতে মামলার ১৩ জন সাক্ষী আসামিদের বিপক্ষে সাক্ষ্য দেন। এ সময় ছয়জন আসামি সাক্ষীদের জেরা করেন।