নওগাঁয় অটোরিকশা চালককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মহাদেবপুরে রুহুল আমিন (২৮) নামের এক অটোরিকশা চালককে হত্যা করা হয়েছে৷ গতকাল বুধবার সকালে মহাদেবপুর-মাতাজীহাট সড়ক থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রুহুল আমিন উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের বামনসাতা সরকার পাড়া গ্রামের আবদুল কুদ্দুস সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মহাদেবপুর বাজার থেকে বদলগাছী উপজেলার মির্জাপুরে মেলায় যাওয়ার কথা বলে একদল দুর্বৃত্ত রুহুল আমিন ওরফে রনির অটোরিকশা ভাড়া নেয়। পরে মহাদেবপুর মাতাজীহাট সড়কের ঝলঝলিয়া এলাকার একটি মাঠে নিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়৷ এরপর অটোরিকশা নিয়ে তারা পালিয়ে যায়।
স্থানীয় লোকজনের ধারণা, মেলায় জুয়ার অর্থ জোগাতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে৷
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন বলেন, গতকাল সকালে ঝলঝলিয়া মাঠে রুহুলের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেন৷ এরপর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।