নওগাঁয় আদিবাসীদের কারাম উৎসব শেষ
সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ভূমি কমিশন ও নিজ ভাষায় শিক্ষা অর্জনের দাবি সামনে রেখে গতকাল বৃহস্পতিবার নওগাঁয় সমতলের আদিবাসীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ‘কারাম উৎসব’ বা ‘ডাল পূজা’ শেষ হয়েছে।
গত বুধবার সন্ধ্যার পর থেকে গতকাল ভোর পর্যন্ত অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ধর্মীয় উপাসনা ডাল পূজা। গতকাল বিকেলে আদিবাসী পরিষদের উদ্যোগে মহাদেবপুর উপজেলার নাটশাল মাঠে সংগঠনের জেলা কমিটির সভাপতি আমিন কুজুরের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে অতিথি ছিলেন আদিবাসীবিষয়ক গবেষক ও অবসরপ্রাপ্ত অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক সবিন মুন্ডা, বাসদের জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন, মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন প্রমুখ।
নাটশাল ফুটবল মাঠ ও আশপাশের এলাকায় নেচে-গেয়ে উৎসবে মেতেছিলেন আদিবাসীরা। বসেছিল ক্ষুদ্র পরিসরে গ্রাম্য মেলা। রাজশাহী, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক সংগঠন অংশ নেয় এ উৎসবে। নিজেদের সংস্কৃতি আর ঐতিহ্য নিয়ে বংশপরম্পরায় যুগ যুগ ধরে পালিত হচ্ছে এ উৎসব। ওঁরাও, সাঁওতাল, মালো, মুন্ডা, মাহাতো, ভুইমালি, মাহলীসহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষ উৎসবে মেতেছিলেন। সভায় জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, ‘কারাম উৎসবে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ভূমি কমিশন গঠন ও নিজ ভাষায় শিক্ষা অর্জনসহ জাতীয় আদিবাসী পরিষদের নয় দফা বাস্তবায়নের দাবি জানাচ্ছি।’
আতাউল হক সিদ্দিকী বলেন, ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করলে দেখা যায় এরা প্রকৃতি-পূজারী। কারাম নামক এক বৃক্ষের ডালকে পূজা করে বলে এর আরেক নাম ডাল পূজা।
সবিন মুন্ডা বলেন, এ উৎসব হলো কৃষিভিত্তিক ও ফসলমুখী। এটি হলো ধর্ম-কর্ম। ভাদ্র মাসে এর তিথি আসে। তিনি আরও বলেন, কারাম একটি গাছের নাম। আদিবাসীদের মতে, পবিত্র গাছটি তাদের মঙ্গলের প্রতীক।