নওগাঁয় চাল উৎপাদন বন্ধ, ২০ হাজার শ্রমিক বেকার
টানা অবরোধ, হরতাল ও সহিংসতায় স্থবির হয়ে পড়েছে নওগাঁ চালের মোকাম। জেলার প্রায় ৮০ শতাংশ চালকলে উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর ফলে জেলার ১১টি উপজেলার প্রায় দুই হাজার চালকলে কর্মরত প্রায় ২০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন।
জেলার মজুমদার অটোমেটিক রাইস মিলের মালিক নৃপেন্দ্র কুমার মজুমদার জানান, জেলার চালকলগুলোতে প্রতিদিন প্রায় সাড়ে চার হাজার মেট্রিক টন চাল উৎপাদিত হয়। কিন্তু অবরোধের কারণে এগুলো সারা দেশে সরবরাহ করা যাচ্ছে না। পাশাপাশি মিলে ধান আনতে পারছেন না চালকল মালিকেরা। আবার কৃষকেরাও বাজারে ধান বিক্রি করতে পারছেন না। ফলে ধানের অভাবে অনেক মিল বন্ধ হয়ে পড়েছে।
রহমান অ্যান্ড সন্স চালকলের মালিক আতিকুর রহমান জানান, মিলের উৎপাদন ও সরবরাহ বন্ধ থাকলেও ব্যাংক ঋণের সুদ, শ্রমিকের মজুরি, বিদ্যুৎ বিল ও অন্যান্য ব্যয়সহ প্রতিদিন প্রায় লাখ টাকার লোকসান গুনতে হচ্ছে তাঁদের।
জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি তৌফিকুল ইসলাম বাবু বলেন, হরতাল-অবরোধের কারণে জেলার প্রায় ৮০ শতাংশ চালকল মালিক তাঁদের পুঁজি হারিয়েছেন। চাতালের শ্রমিকেরা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
চালকল শ্রমিক রিজিয়া বেগম, মোসলেম উদ্দীন ও সিরাজুল ইসলাম জানান, চালকলে কাজ না থাকায় সংসারে দুই বেলা নুনভাতের জোগাড় করা কঠিন হয়ে পড়েছে। অনেকে চড়া সুদে ঋণ নিয়ে সংসার চালাচ্ছেন।
নওগাঁ জেলা ধান ও চাউল আড়তদার সমিতির সভাপতি নিরোদ বরন সাহা চন্দন জানান, জেলায় চালকলের সংখ্যা প্রায় দুই হাজার। এর সবাই কমবেশি ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল। অবরোধে চাল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বছরের শুরুতেই বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন তাঁরা।
এতে প্রতিদিন অন্তত কোটি টাকার লেনদেন থেকে বঞ্চিত হচ্ছেন এখানকার ব্যবসায়ীরা। এভাবে চলতে থাকলে আগামীতে জেলার চাল ব্যবসাকে টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।