নওগাঁয় চালকল মালিকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহজ শর্তে ব্যাংকঋণ প্রদান, বাস্তবসম্মত আয়কর নীতিমালা প্রণয়ন এবং প্লাস্টিক বস্তা ব্যবহারসহ বিভিন্ন দাবিতে নওগাঁয় শোভাযাত্রা ও মানববন্ধন করেছেন চালকল মালিকেরা। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ অটো মেজর ও হাসকিং মিল কেন্দ্রীয় কমিটি ও নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের উদ্যোগে গতকাল রোববার সকাল ১০টায় শহরের তাজের মোড় থেকে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের তাজের মোড়ে নওগাঁ-বগুড়া সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন চালকল মালিক ও ব্যবসায়ীরা।

পরে দাবি বাস্তবায়নের দাবিতে শহরের যমুনা কমিউনিটি সেন্টারে জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি তৌফিকুল ইসলামের সভাপতিত্বে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশ অটো মেজর ও হাসকিং মিল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর রশিদ, যুগ্ম সম্পাদক সরোয়ার আলম, বেলকোন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক বেলাল হোসেন প্রমুখ।