নওগাঁয় ট্রাক ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে মহাদেবপুর-পোরশা সড়কে গতকাল সোমবার ভোরে চালক ও তাঁর সহযোগীকে হাত-পা বেঁধে একটি ছোট ট্রাক ছিনতাই করা হয়েছে।
সকালে গ্রামের কয়েকজন বাসিন্দা হাত-পা বাঁধা অবস্থায় চালক তুলা মিয়া (৪০) ও সহযোগী আলম মিয়াকে (২৫) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তাঁদের বাড়ি টাঙ্গাইলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাতে টাঙ্গাইল থেকে ফলের ৩০০টি খালি প্লাস্টিকের বাক্স নিয়ে ট্রাকটি নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী মোড়ে যাচ্ছিল। ভোরে ওই স্থানে ৮-১০ জন ডাকাত গাছের গুঁড়ি ফেলে রাস্তা বন্ধ করে দেয়। তারা অস্ত্রের মুখে চালক ও তাঁর সহযোগীকে মারপিট করে তাঁদের হাত, পা ও মুখ বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে ট্রাকটি নিয়ে যায়।
খাজুর ইউপির চেয়ারম্যান বেলাল উদ্দিন বলেন, ‘জায়গাটি একদম ফাঁকা, কোনো জনবসতি নেই। পুলিশের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি।’ মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করা হয়েছে।