নওগাঁয় নিপা ভাইরাসে দুই শিশুসহ তিনজনের মৃত্যু, আতঙ্ক
নওগাঁর মান্দায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের শরীরে নিপা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন নওগাঁর সিভিল সার্জন মোজাহারুল ইসলাম।
এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্তে গঠন করা হয়েছে তিন সদস্যের কমিটি।
মারা যাওয়া দুই শিশু হলো উপজেলার ভালাইন ইউনিয়নের ভালাইন গ্রামের মকলেছুর রহমানের ছেলে আপেল মাহমুদ (১১) ও আবুল কাসেমের ছেলে কাওসার আলী (১৩)। অপরজন পরানপুর ইউনিয়নের বালুবাজার গ্রামের আলিমুদ্দীনের ছেলে হাফিজুল ইসলাম (২৫)।
আপেল মাহমুদের মা জুলেখা বিবি জানান, গত ২০ জানুয়ারি আপেল খেজুরের রস পান করে। ২২ জানুয়ারি সে জ্বরে আক্রান্ত হলে বিকেলে তাকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জানুয়ারি মারা যায় আপেল। অপরদিকে হাফিজুল ইসলাম বরই খেয়ে জ্বরে আক্রান্ত হলে ১৭ জানুয়ারি তাঁকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২২ জানুয়ারি তাঁর মৃত্যু হয়। একই ঘটনায় কাওসার আলীকে ২৪ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২৯ জানুয়ারি পরিবারের লোকজন তাকে বাড়ি নিয়ে আসে। পরদিন ৩০ জানুয়ারি সকালে তার মৃত্যু হয়।
এই তিনজনের মৃত্যুর খবরে খেজুরের রস খাওয়া ও সংগ্রহ বন্ধ করে দিয়েছেন স্থানীয় লোকজন। সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্বাস্থ্যকর্মীরা দুই দিন ধরে এলাকায় অবস্থান করছেন।
এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবেদন দাখিল না করায় কর্তব্যে অবহেলার অভিযোগে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ফয়েজ উদ্দিন তরফদার ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক তাইজুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সিভিল সার্জন মোজাহারুল ইসলাম জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ মারা যাওয়া দুই শিশুর লালা ও রক্ত পরীক্ষার জন্য ঢাকায় আইসিডিডিআরবিতে পাঠায়। সেখানে বিভিন্ন নমুনায় নিপা ভাইরাসের জীবাণু পাওয়া যায়। ঘটনা তদন্তে চিকিৎসক জাহিদ নজরুল চৌধুরী, মনোরঞ্জন মণ্ডল ও আল মাসুদ মিজানুর রহমানকে নিয়ে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চপর্যায়ে ছয় সদস্যের একটি দল এলাকা পরিদর্শনে যাবে।
সিভিল সার্জন আরও বলেন, কাওসার আলীর কোনো পরীক্ষা না করা হলেও একই গাছের রস পান করায় সেও নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।