নওগাঁয় পুলিশি হয়রানির অভিযোগ বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচন সামনে রেখে নওগাঁয় বিএনপির নেতা-কর্মীদের পুলিশি হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থানীয় নেতারা। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় নওগাঁ বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বলেন, গত রোববার রাত থেকে ২৪ ঘণ্টায় নওগাঁ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের অন্তত ২০ নেতা-কর্মীকে কোনো অভিযোগ ছাড়াই হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিএনপি প্রার্থীদের নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে প্রশাসন ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাত আটটার পর মোটরসাইকেলে করে ঘুরে বিএনপি নেতা-কর্মীদের হুমকি দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।

আওয়ামী লীগের স্থানীয় সাংসদদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন, ‘স্থানীয় সাংসদেরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে বিভিন্ন এলাকায় গিয়ে ভোট চাইছেন। অথচ আমাদের নেতা-কর্মীরা কোনো আচরণবিধি লঙ্ঘন না করে নিয়মতান্ত্রিকভাবে প্রচারণা করতে গিয়েও পুলিশি হয়রানির শিকার হচ্ছেন। পৌর নির্বাচনকে প্রভাবিত করতে এবং সরকারদলীয় প্রার্থীকে জেতাতে পরিকল্পিতভাবে এসব কর্মকাণ্ড করা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়াবিষয়ক সম্পাদক কর্নেল (অব.) আবদুল লতিফ খান, নওগাঁ-৪ (মান্দা) আসনের সাবেক সাংসদ সামসুল আলম প্রামাণিক, নওগাঁ-১ আসনের সাবেক সাংসদ ছালেক চৌধুরী, বিএনপি নেতা আনোয়ার হোসেন বুলু, নাসির উদ্দীন আহমেদ প্রমুখ।

নওগাঁ সদর থানা সূত্রে জানা যায়, গত দুই দিনে নওগাঁ পৌরসভা থেকে বিএনপি ও জামায়াতের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাশিকুজ্জামান উজ্জ্বল, মোকছেদ আলী, ইমরান হোসেন, সাহাবুল আলম সম্রাট, শফিকুল ইসলাম, মোহাম্মদ সিদ্দিক ও চিশতি রিগান।

নওগাঁ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামসুল আলম শাহ বলেন, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপি-জামায়াতের ওই সব নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি শহরের দয়ালের মোড়ে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় তাঁদের গ্রেপ্তার করা হয়। হয়রানিমূলক গ্রেপ্তারের অভিযোগ সঠিক বলে তিনি দাবি করেন।