নওগাঁয় বজ্রপাতে দম্পতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের আজুর গ্রামে আজ সোমবার বজ্রপাতে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁদের আড়াই বছরের মেয়ে আহত হয়েছে। এ ছাড়া বজ্রপাতে একই গ্রামের আরও তিন নারী মারাত্মক আহত হন।
নিহত দুজন হলেন আবদুল মতিন (২৪) ও তাঁর স্ত্রীর বেণু বেগম (১৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ছয়টার দিকে ঝড়-বৃষ্টির মধ্যে বাড়ির উঠোনে কাজ করছিলেন মতিন ও তাঁর স্ত্রী বেণু। হঠাত্ বজ্রপাত হলে তাঁরা ঘটনাস্থলেই মারা যান। বজ্রপাতে বারান্দায় বসে থাকা তাঁদের মেয়েশিশু মদিনার মাথার বাম দিক ঝলসে যায়।
বজ্রপাতে মতিনের পাশের বাড়ির তিলজান বিবি (৫৫), জাহানারা বেগম (৪৫) ও ওশনারা বেগম মারাত্মক আহত হন। তাঁদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুর রহমান। তিনি জানান, এ ঘটনায় মহাদেবপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে নিহত দম্পতির পরিবারকে ৪০ হাজার এবং আহত চারজনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এ সময় মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সাত্তারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।