নওগাঁয় বস্তিতে ককটেল বিস্ফোরণ, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘর পরিষ্কার করতে গিয়ে পরিত্যক্ত ককটেলের বিস্ফোরণে শিশুসহ চারজন আহত হয়েছে। নওগাঁ শহরের এ-টিম মাঠসংলগ্ন একটি বস্তিতে গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলো রানীনগরের সিয়াডাঙ্গা গ্রামের খোকা প্রামাণিকের মেয়ে মহিমা বেগম (২৫), সদর উপজেলার মধ্য দুর্গাপুর গ্রামের মকবুল হোসেনের মেয়ে মোরশেদা (২০), তাঁর মেয়ে কোহেলী (পাঁচ মাস) ও রানীনগরের চকপারইল গ্রামের মৃত সাত্তারের মেয়ে সান্ত্বনা (৮)। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় মহিমাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এ-টিম মাঠসংলগ্ন মৃত আইয়ুব হোসেনের বাড়ির উঠানে একটি বস্তি আছে। ওই বস্তিতে ঘর উঠিয়ে কিছু দিন ধরে কয়েকটি পরিবার বসবাস করছে। ওই বস্তির একটি ঘর ভাড়া নিয়েছিলেন রানীনগরের হামিদপুর গ্রামের মহির উদ্দিন। মহির উদ্দিনের ভাগনি ওই বস্তির বাসিন্দা মহিমা প্রতিবেশী মোরশেদা ও সান্ত্বনাকে নিয়ে গতকাল সকালে ওই ঘর পরিষ্কার করতে যান। এ সময় সেখানে পড়ে থাকা একটি ককটেল হঠাৎ বিস্ফোরিত হয়।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহফুজার রহমান বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত চারজন হাসপাতালে এসেছিলেন। তাঁদের মধ্যে কোহেলী ও মোরশেদাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং সান্ত্বনা ভর্তি আছে। মহিমার চোখ ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত মোরশেদা বলেন, ‘ওই ঘরত মহিমার খালু ভাড়া আসপে। তাই মহিমার সাতে ঘর সাফ করবা যায়ে দেকি একটা কৌটা। কৌটাটি সরে থোয়ার সাতে সাতে কী হলো বুঝা পারিনি।’
ওই বস্তির বাসিন্দা সালমা বলেন, ‘আওয়াজ শুনা আস্যা দেকি অক্ত (রক্ত), ধুমা (ধোঁয়া) আর গোন্দ (গন্ধ)।’
মহিমার বাবা খোকা প্রামাণিক বলেন, ‘মহিমার খালু মহির উদ্দিন ৪০০ টাকায় ওই ঘরটা ভাড়া নিচিল, আজকা থাকে ওই ঘরত থাকার কতা। মহিমা ঘর ঝাড় দিবার সময় শব্দ হলো।’
জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) সহকারী পুলিশ সুপার হুমায়ূন কবির জানান, বিস্ফোরিত বস্তুটি ককটেল। এটি কীভাবে ওই ঘরে গেল তা তদন্ত করে দেখা হচ্ছে।