নওগাঁয় ভটভটিকে ট্রাকের চাপা, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলায় গমবোঝাই ট্রাকের চাপায় ভটভটির চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার বেলা দেড়টার দিকে উপজেলা সদরের ফেরিঘাট এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার জিনারপুর গ্রামের ভটভটিচালক মোজাম্মেল হক (৪৭), উপজেলার গাইহানা গ্রামের তাজউদ্দিন (৩০) ও একই গ্রামের উজ্জ্বল হোসেন (২৮)।

নিহত লোকজনের স্বজন ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, তাজউদ্দিন ও উজ্জ্বল হোসেন গরু ব্যবসায়ী। আজ দুপুরে তাঁরা মোজাম্মেল হকের ভটভটিতে করে নিয়ামতপুর উপজেলার ছাতড়া হাটে গরু কেনার জন্য যাচ্ছিলেন। ভটভটিটি উপজেলা সদরের ফেরিঘাট এলাকায় পৌঁছাতেই গমবোঝাই একটি ট্রাক পেছন থেকে সেটিকে চাপা দেয়। এতে ভটভটি উল্টে মোজাম্মেল, তাজউদ্দিন ও উজ্জ্বল ঘটনাস্থলেই মারা যান।

ওসি মোজাফফর আরও বলেন, ঘটনার পর ট্রাকের চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।