নওগাঁয় মুক্তিযোদ্ধা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় গতকাল শনিবার মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের মুক্তি কমিউনিটি সেন্টার মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ড আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্র।
সমাবেশে সন্দীপ মিত্র বলেন, বিভিন্ন কারণে বাংলাদেশিদের ভারতে গমনের জন্য ভিসা-ব্যবস্থা সহজ করা হয়েছে। প্রয়োজনে নিয়মের মধ্যে আরও সহজ করা হবে। এ ছাড়া ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য যে শিক্ষা-সহায়তা প্রদান করা হয়, তা আরও সম্প্রসারিত করার জন্য ভারত সরকারকে সুপারিশ করবেন বলে তিনি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমান্ডার হারুন-অল-রশিদ। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ সাধন চন্দ্র মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক ও সন্দীপ মিত্রের সহধর্মিণী সীমা মিত্র।
সন্দীপ মিত্র দুই দিনের সফরে শুক্রবার নওগাঁয় আসেন। নওগাঁয় অবস্থানকালে তিনি স্থানীয় সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ আয়োজিত এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত পৃথক সংবর্ধনা সভায় যোগদান করেন। এ ছাড়া তিনি নওগাঁ শহরের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেন।