নওগাঁয় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাটে একটি ট্রাক খাদে পড়ে সাইফুল ইসলাম (৩৪) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চামনাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে ।
নিহত সাইফুল ইসলাম রাজশাহীর মতিহার উপজেলার নওদাপাড়া গ্রামের হেলাল হোসেনের ছেলে। আহত ব্যক্তিরা শ্রমিক হিসেবে কাজ করা একই গ্রামের তিন তরুণ। তাঁদের ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত শ্রমিকদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে ট্রাকে করে বরেন্দ্র অঞ্চলে গভীর নলকূপ স্থাপনের কাজ করার জন্য কিছু শ্রমিক দিনাজপুরের উদ্দেশে রওনা হন। পথে ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের চামনাপাড়ার কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে শ্রমিক বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা ১৬ শ্রমিকের মধ্যে চার-পাঁচজন শ্রমিক আহত হন। গতকাল সকালে অন্য শ্রমিকেরা আহত শ্রমিকদের মধ্যে সাইফুলকে খুঁজে না পেয়ে পরে কাদার নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবদুস সালাম জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।