নওগাঁর সাপাহার উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’-এর সরকারি অনুদান এবং সমিতির সদস্যদের সঞ্চয়ের প্রায় ১৬ লাখ টাকা নিয়ে উপজেলা প্রকল্প সমন্বয়কারী আবু বক্কর সিদ্দিক উধাও হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন মিয়া বাদী হয়ে সাপাহার থানায় একটি মামলা করেছেন। মামলায় আবু বক্কর সিদ্দিক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান ও আলাদিপুর গ্রাম উন্নয়ন সমিতির ব্যবস্থাপক সেলিম উদ্দিনকে আসামি করা হয়েছে।
ইউএনও জানান, আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে ওই টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেলেও অন্য কর্মকর্তারাও এর সঙ্গে জড়িত থাকতে পারেন। সঠিক তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মেহেদী হাসান জানান, তিনি ঘটনা জানার পর তাঁর কার্যালয়ের হিসাবরক্ষক এনামুল হককে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন। এনামুল হক ইতিমধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আবু বক্কর সিদ্দিক ও সমিতির ব্যবস্থাপকদের যৌথ স্বাক্ষরে ব্যাংক হিসাব পরিচালিত হয়। কিন্তু আবু বক্কর সিদ্দিক ব্যবস্থাপকদের সই জাল করে চেকের মাধ্যমে টাকা তুলে আত্মসাৎ করেছেন।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ইসলাম জানান, ১ সেপ্টেম্বর থেকে আবু বক্কর ও তাঁর পরিবারের সদস্যদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁদের নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের বুজরুক আতিথা গ্রামের বাড়ি ও সাপাহার উপজেলার বাসায় তালা ঝুলছে।
বিআরডিবির নওগাঁ জেলার উপপরিচালক এস এম রহমতুল্লাহ জানান, ব্যাংকের হিসাবগুলো নিরীক্ষণ করে দেখা হচ্ছে। শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিআরডিবির কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় সাপাহার উপজেলার চারটি ইউনিয়নে ৩৬টি সমিতির মাধ্যমে এ প্রকল্পের কাজ শুরু হয়। প্রতিটি সমিতি ২০ জন নারী ও ৪০ জন পুরুষ নিয়ে গঠিত। প্রত্যেক সদস্য মাসে ২০০ টাকা করে নিজ হিসাবে সঞ্চয় হিসেবে জমা করেন। সরকারের পক্ষ থেকেও সমপরিমাণ টাকা অনুদান দেওয়া হয়। এ ছাড়া সদস্যদের উৎসাহিত করতে সরকারিভাবে আরও কিছু টাকা দেওয়া হয়। এ টাকা সদস্যদের মধ্যে ঋণ হিসেবে বিতরণ করা হয়। কিন্তু আবু বক্কর সিদ্দিক গত জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত পর্যায়ক্রমে ১৭টি সমিতির হিসাব থেকে ১৭টি চেকের মাধ্যমে স্থানীয় অগ্রণী ব্যাংক থেকে মোট ১৫ লাখ ৮০ হাজার টাকা তুলে আত্মসাৎ করেন।