নওগাঁয় ১৬ হাজার কৃষক পাবেন প্রণোদনার বীজ-সার
নওগাঁর পাঁচটি উপজেলায় বন্যার ক্ষতি পুষিয়ে নিতে প্রায় ১৬ হাজার ক্ষতিগ্রস্ত কৃষককে কৃষি প্রণোদনা দেওয়া হবে। জেলায় ১ কোটি ৭৫ লাখ টাকার শস্যবীজ ও সার কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলার পাঁচটি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫ হাজার ৯৭৫ জন কৃষকের মধ্যে প্রণোদনা হিসেবে শস্যবীজ ও সার বিতরণ করা হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য জনপ্রতি ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। শস্যবীজের মধ্যে জনপ্রতি ২০ কেজি গম, ২ কেজি ভুট্টা ও ১ কেজি করে সরিষা বীজ দেওয়া হবে।
রানীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নের অলংকারদিঘী গ্রামের কৃষক মোফাজ্জল হোসেন বলেন, ‘এবার বন্যায় তাঁর প্রায় ২০ বিঘা জমির ফসলের ক্ষতি হয়েছে। আগামী বোরো মৌসুমে ফসল চাষ ও সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। কিছুদিন আগে ইউনিয়ন পরিষদ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম নিয়ে গেছে। সরকার বিনা মূল্যে কৃষকদের শস্যবীজ ও সার দিলে ভালোই হবে।’
মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের কৃষক কাজী আবুল কাশেম বলেন, বন্যায় তাঁর ১০ বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। এতে তাঁর প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এখন সরকার থেকে বীজ ও সার দিয়ে সহায়তা করলে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন।
এ বিষয়ে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সত্যব্রত সাহা বলেন, ‘নওগাঁয় এবার বন্যার ফলে প্রায় ১১ হাজার হেক্টর জমির ধান ও সবজি নষ্ট হয়েছে। এতে জেলায় প্রায় চার কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে সরকার সারা দেশে এই কৃষি প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে নওগাঁয় কৃষকদের মধ্যে চলতি মাসেই শস্যবীজ সরবরাহ করা হবে।’