নওগাঁর অভ্যন্তরীণ সব পথে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ জেলার অভ্যন্তরীণ সব পথে গতকাল সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। জেলার পোরশা উপজেলার নিতপুরে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের এক সদস্যকে মারধরের ঘটনার বিচার দাবিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, ৮ ডিসেম্বর সন্ধ্যা ছয়টার দিকে নওগাঁ-নিতপুর সড়কে চলাচলকারী ‘লাব্বা’ পরিবহনের একটি বাসের চালক আবদুল মোমিন ও তাঁর সহযোগী রবিউলকে মারধর করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা সুলেমান ও তাঁর লোকজন। ওই ঘটনা নিয়ে থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ না নিয়ে শ্রমিকদের ফিরিয়ে দেয়। এরই জেরে গতকাল নওগাঁ থেকে ছেড়ে যাওয়া জেলার ১১টি উপজেলার সব পথে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, ‘গত ৮ ডিসেম্বর আমাদের ইউনিয়নের দুজন সদস্যকে মারধর করে পোরশা উপজেলার নিতপুর এলাকার সন্ত্রাসীরা। এ বিষয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ উল্টো আমাদের লোকদের হয়রানি করে।’ তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে গতকাল সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে শ্রমিকনেতাদের বসার কথা রয়েছে।
থানায় অভিযোগ করার বিষয়টি অস্বীকার করে পোরশা থানার ওসি মোসাব্বেরুল হোসেন বলেন, ‘স্থানীয় এক আওয়ামী লীগ নেতার সঙ্গে এক বাসচালকের গন্ডগোলের কথা লোকমুখে শোনা গেছে। তবে কেউ অভিযোগ করেননি।’
এদিকে ঢাকা, রাজশাহীসহ দূরপাল্লার রুটগুলোতে বাস চলাচল স্বাভাবিক থাকলেও জেলার অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। গতকাল দুপুরে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, বাসস্ট্যান্ড থেকে আন্তজেলা বাসগুলো ছেড়ে গেলেও জেলার অভ্যন্তরীণ রুটগুলোতে চলাচলকারী কোনো বাস ছেড়ে যেতে দেওয়া হয়নি। ফলে নওগাঁ থেকে জেলার পোরশা, সাপাহার, নজিপুর, নিয়ামতপুরসহ বিভিন্ন উপজেলার যাত্রীদের টেম্পো ও সিএনজি গাড়ির জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছিল।