নওগাঁর ঈদবাজারে চলছে 'বাজিরাও মাস্তানি'র দাপট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ যতই ঘনিয়ে আসছে, ততই নওগাঁর মার্কেটগুলোতে কেনাবেচা জমে উঠছে। ঈদে ক্রেতার চাহিদা মাথায় রেখে বিক্রেতারাও আগেভাগেই তাঁদের পণ্যের পসরা সাজিয়েছেন। অন্যান্য বছর রমজান মাসের মাঝামাঝি থেকে ঈদের কেনাকাটা জমলেও এবার ১০ রমজান পার হতে না হতেই নওগাঁর বিভিন্ন বিপণিবিতানে ক্রেতাদের ভিড় দেখা গেছে।
বরাবরের মতো এবারও ঈদবাজরে ছেলেদের পায়জামা-পাঞ্জাবি ও স্যান্ডেল, মেয়েদের ধরনের থ্রি-পিস এবং শিশুদের রকমারি পোশাক তো পাওয়া যাচ্ছেই। উপরন্তু এবার ঈদে নওগাঁয় নতুন আকর্ষণ মেয়েদের হাল ফ্যাশনের ‘বাজিরাও মাস্তানি’ পোশাক। এরই মধ্যে নওগাঁর কাপড়পট্টি, গীতাঞ্জলি শপিং প্লাজা, জহির প্লাজা, হাসনাহেনা মক্কা মার্কেট, শুভ প্লাজা, ইসলাম মার্কেট, সৌদিয়া সুপার প্লাজা, মাজেদা সুপার মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতানে জমে উঠেছে ঈদবাজার। এসব শপিং মলে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ক্রেতাদের মধ্যে নারী ও শিশুরাই বেশি।
বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মেয়েদের বিভিন্ন ধরনের থ্রি-পিস ১০০০ থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ‘বাজিরাও মাস্তানি’ বিক্রি হচ্ছে ৬ হাজার ৫০০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত। আর শাড়ির দাম ৮০০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত আছে। আর ছেলেদের পায়জামা-পাঞ্জাবি ১২০০ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। শেরওয়ানি বিক্রি হচ্ছে ৩ থেকে ১৫ হাজার টাকায়।
শিপলু বুটিকসের মালিক জাহান আলম বলেন, এবার মেয়েদের পছন্দের শীর্ষে রয়েছে ‘বাজিরাও মাস্তানি’ পোশাক। এ ছাড়া বিভিন্ন ধরনের টপস, জিপসি, ফ্লোরটাচ পোশাকের চাহিদাও বেশি। ঈদ উপলক্ষে ক্রেতাদের কথা মাথায় রেখে দোকানে এসব পোশাকের পাশাপাশি বিভিন্ন ধরন ও দামের শাড়ি, পাঞ্জাবির সমাহারও রয়েছে বলে জানান তিনি।
ঈদের কেনাকাটা করতে পত্নীতলা থেকে তিন মেয়েকে সঙ্গে করে নওগাঁ শহরে এসেছেন রওশন আরা বেগম। তিনি বলেন, ‘তিন মেয়েই বায়না ধরেছে, এবার ঈদে তাদের বাজিরাও মাস্তানি জামা দিতে হবে। তিনটি জামা কিনতে ২৫ হাজারের মতো টাকা খরচ হলো। মেয়েদের আবদার পূরণ করতে ফতুর (দেউলিয়া) অবস্থা আমার।’
রওশন আরা বেগমের মতো ঈদের কেনাকাটা করতে সপরিবারে নওগাঁ শহরে এসেছেন পোরশার আবদুল মতিন মণ্ডল, নিয়ামতপুরের চান মোহাম্মদ ও আলেমারা বেগম। আবদুল মতিন মণ্ডল বলেন, ‘প্রতিবছর জিনিসপত্রের দাম তো বাড়ছেই। তবে এবার পোশাকের দাম মাত্রাতিরিক্ত বেশি মনে হচ্ছে।’
নওগাঁয় তৈরি পোশাকের অভিজাত দোকান হিসেবে পরিচিতি ‘শিলা মনি’র মালিক নেপালচন্দ্র ঘোষ বলেন, ‘১০ রমজানের পর থেকেই এবার ঈদের কেনাকাটা জমে উঠেছে। ঈদকে কেন্দ্র করে ব্যবসা ভালোই হবে বলে মনে হচ্ছে।’
কাপড়পট্টি মার্কেটের থান কাপড় ও ছিট কাপড় ব্যবসায়ী শাপলা ক্লথ স্টোরের মালিক জিহাদ আলম বলেন, ‘সাধারণত রোজার শুরু থেকেই থানা বা ছিট কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা থাকে। এবারও তার ব্যত্যয় হয়নি। কারণ, ছিট কাপড় কিনে সেগুলো তৈরি করতে সময় লাগে। এ জন্য ক্রেতারা ঈদকে কেন্দ্র করে একটু আগেভাগেই কেনাকাটা সেরে থাকেন।’
নওগাঁ পোশাক মালিক সমিতির সভাপতি সাজাহান আলী বলেন, ‘নওগাঁয় বেশ কিছু ভালো মানের তৈরি পোশাক বিক্রির দোকান গড়ে উঠেছে। দোকানগুলোতে ক্রেতাদের রুচি ও ফ্যাশনের কথা মাথায় রেখে বিক্রেতারা পণ্যের সমাহার রাখছেন। আর থান বা ছিট কাপড়ের জন্য আগে থেকেই নওগাঁর একটা সুনাম রয়েছে। ফলে নওগাঁর লোকজনকে কেনাকাটার জন্য বাইরের শহরে যেতে হয় না। নওগাঁ ছাড়াও বর্তমানে আশপাশের জয়পুরহাট, বগুড়া ও রাজশাহী জেলার লোকজন নওগাঁয় কেনাকাটা করতে আসছেন।’