নওগাঁর করোনেশন থিয়েটার হল রক্ষার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় ঐতিহ্যবাহী করোনেশন থিয়েটার হল ভেঙে ফেলার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সংস্কৃতিকর্মীরা। গতকাল সোমবার বিকেলে শহরের মুক্তির মোড়ে শতবর্ষী করোনেশন হল রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
আন্দোলন কমিটির আহ্বায়ক আলিমুর রেজার সভাপতিত্বে এতে বক্তব্য দেন লেখক ও কবি ম আ ব সিদ্দিকী, কবি ও গবেষক আতাউল হক সিদ্দিকী, মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিকর্মী হাসানুল হক, নওগাঁ কমিউনিস্ট পার্টির সভাপতি মহসিন রেজা, নওগাঁ জহির রায়হান চলচ্চিত্র সংঘের সম্পাদক রহমান রায়হান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনেশন থিয়েটার হল নওগাঁর অন্যতম ঐতিহ্যবাহী নিদর্শনগুলোর একটি। আধুনিকতার নামে সেই নিদর্শন ভেঙে সেখানে বহুতল শপিং কমপ্লেক্স বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নওগাঁর সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র করোনেশন থিয়েটার হলটি রক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
নওগাঁর সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের সভাপতি ডি এম আবদুল বারী বলেন, দেশের অন্যান্য জেলার মতো নওগাঁ শিল্পকলা একাডেমি ভবনে মানসম্মত থিয়েটার হল না থাকায় করোনেশন থিয়েটার হলেই নওগাঁর সব সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হয়।