নওগাঁর ছয় উপজেলায় শান্তিপূর্ণ নির্বাচন
নওগাঁর ছয়টি উপজেলায় গতকাল বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। কোথাও ভোট কারচুপি বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।
নির্বাচন কমিশন এবং স্থানীয় সূত্রগুলো বলছে, ভোটার উপস্থিতি ৭০ শতাংশের বেশি হতে পারে। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে গতকাল নওগাঁ সদর, আত্রাই, বদলগাছি, নিয়ামতপুর, পত্নীতলা এবং সাপাহার উপজেলায় ভোট নেওয়া হয়।
জেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে সারা দিন ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়। নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সদর উপজেলার বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী-পুরুষের লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। স্থানীয় তরুণ ভোটার শামীম হাসান বললেন, ‘এমপি নির্বাচনে ভোট দিতে পারি নাই। কিন্তু এইবার চান্স মিস করতে চাই না।’
আত্রাই পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোটার ঝর্ণা বেগম শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেই খুশি।
কোনো কোনো নতুন ভোটার ভোট দিতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে। এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা এবং নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে তাঁর কাছে কোনো অভিযোগ আসেনি।
নওগাঁর ছয় উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন ২৬ জন। ভাইস চেয়ারম্যান পদে ২০ ও নারী ভাইস চেয়ারম্যান পদে লড়েছেন ১৬ জন। মোট ভোটার নয় লাখ ৯৫ হাজার ৪০৫।